টি-টোয়েন্টির ফেরিওয়ালা ক্রিস গেইল। খেলেছেন দেশ বিদেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে। ব্যাট হাতে শাসন করেছেন, বোলারদের তুলোধুনো করেছেন। সেই ক্রিস গেইল এখন বুড়ো তকমা পেয়ে গেছেন। তাই এবারের আইপিএলে কেউ তার প্রতি আগ্রহ দেখায়নি। প্রথমবার অবিক্রিতই ছিলেন। দ্বিতীয় ডাকে কিংস ইলেভেন পাঞ্জাব ভিত্তি মূল্য দুই কোটি রুপিতে কিনে নেয় টি-টোয়েন্টির এই মহাতারকাকে।
ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেটে গেইলকে পেলে যেকোনো দলই বাড়তি সুবিধা পান। প্রতিপক্ষ দলের বোলাররা আতঙ্কিত থাকে, এই বুঝি গেইল ঝড়ে উড়ে যেতে হয়। সেই গেইলকে নিয়ে আগ্রহ না থাকা, ইউনিভার্সাল বস-এর জন্য কিছুটা হলেও অপমানজনক।
টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বমোট ২১ সেঞ্চুরির মালিক ক্রিস গেইল সব থেকে বেশি অপমানিত হয়েছেন সাবেক দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছ থেকে। দলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েও এবারের আসরে তাকে নিয়ে কোনো আগ্রহ ছিল না ব্যাঙ্গালুরুর। নিজের মনঃকষ্ট, অভিমানের সবটুকু ঢেলে দিয়েছেন ভারতীয় এক পত্রিকার সাংবাদিকের সাথে আলাপকালে।
রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর প্রতিশ্রুতি ভঙ্গের কথা বলতে গিয়ে গেইল বলেন ‘ব্যাঙ্গালুরু দলে আমি ছিলাম বড় ড্র। সেদিক থেকে দেখলে বিষয়টা বেশ হতাশাজনক ছিল। কারণ তারা আমাকে ডেকেছিল, তারা আমাকে দলে চেয়েছিল এবং দলে রাখা হবে বলেই আমাকে আশ্বাস দিয়েছিল। কিন্তু পরে হয়নি তেমনটা, আমাকে দলে রাখেনি তারা! এটা আমাকে বুঝিয়ে দিয়েছে, তারা আমাকে চায় না। ভালো কথা!’
ব্যাঙ্গালুরু বেইমানি করলেও পাঞ্জাব এবার সুযোগ দিয়েছে গেইলকে। সেই সুযোগের সদ্ব্যবহার করছেন তিনি। বুড়ো হয়ে যাননি, ফুরিয়ে যাননি – প্রমান দিয়েছেন। এবারের আইপিএলে প্রথম সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে। এছাড়াও দুটি অর্ধশতক আছে তার। তার এমন পারফরম্যান্স যেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর জন্য উপযুক্ত জবাব।
