ট্রেবল জিতবেন কুতিনহো?




একটি দলে না থেকেও সেই দলের সাফল্যে অংশ হতে দেখা যায় অনেককেই। পর্তুগালের হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো ফাইনালে মাত্র ২০ মিনিট মাঠে থেকে ইউরো চ্যাম্পিয়ন হতে পেরেছিলেন কিংবা লিওনেল মেসি নিজের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ে নামমাত্র অংশ হতে পেরেছিলেন। কিন্তু বর্তমানে অন্য একটি দলের অংশ হয়েও সাবেক দলের হয়ে সাফল্যগাঁথা নিজের করে নেওয়ার অন্যতম নজির স্থাপন করতে পারেন ফিলিপ কুতিনহো।
এমনটিই দাবি করেছে, স্পেনের খেলা বিষয়ক পত্রিকা মুন্ডো ডেপর্তিভো। তাদের দাবি, লিভারপুল যদি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা উঁচিয়ে পারে তবে চ্যাম্পিয়ন দলের স্কোয়াডে থাকার কারণে এই ব্রাজিলিয়ানের নামেও একটি মেডেল থাকবে। আর তা হলে ফিলিপ কুতিনহোর নামের পাশে একটি চ্যাম্পিয়ন্স লিগ যোগ হবে। চ্যাম্পিয়ন্স লিগের গ্রূপ পর্বে লিভারপুলের হয়ে ৬ ম্যাচ খেলে ৫ গোল করেছেন বার্সেলোনা দলের বর্তমান এই সদস্য।
ইতিমধ্যে বার্সেলোনার হয়ে লিগ ডবল জিতেছেন তিনি। সেভিয়াকে ৫-০ গোলে হারিয়ে কোপা ডেল রে এবং ডেপর্তিভো লা করুনাকে হারিয়ে চার ম্যাচ আগেই লা লিগা জিতেছে বার্সেলোনা। সেই দলের অংশ হতে মাঝ সিজনে লিভারপুল থেকে রেকর্ড ট্রান্সফারে বার্সেলোনায় পাড়ি জমান কুতিনহো। এবার লিভারপুল ইউরোপের মর্যাদার আসর চ্যাম্পিয়ন্স লিগ জিতলে লিগ দ্বৈত’র পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগ জয়ে এই মৌসুমে ট্রেবল জিতবেন তিনি। কেননা লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগ দলে তার নাম আছে। লিভারপুল দলে থাকার কারণে চ্যাম্পিয়ন্স লিগে কুতিনহোকে ব্যবহার করতে পারেনি বার্সা। তাই চ্যাম্পিয়ন্স লিগে ইংলিশ দল লিভারপুলের খেলোয়াড় হিসেবেই গণ্য হবেন তিনি।
তবে লিভারপুলের জন্য যে কাজটা মোটেও সহজ হবে না। তাদের সামনে চ্যাম্পিয়ন্স লিগ কিং রিয়াল মাদ্রিদ দাঁড়িয়ে আছে। গতকাল রোমার বিপক্ষে ২-৪ গোলে হেরেও প্রথম লেগে ৫-২ জয়ের সুবাদে ফাইনালে ইংলিশ দলটি। যেখানে তাদের জন্য অপেক্ষা করছে হ্যাটট্রিক শিরোপা প্রত্যাশী সর্বোচ্চ চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল মাদ্রিদ। ২৬ তারিখের এই ফাইনাল লিভারপুল জিতলেই ট্রেবল জিতবে এই মৌসুম দুই দলে কাটানো ব্রাজিলিয়ান ফিলিপ কুতিনহো।