বাংলাদেশ ক্রিকেটে তুষার ইমরান নামটা আলোচনায় আসার নয়। ৫ টেস্টে ১০ ইনিংস খেলে তার রান মোটে ৮৯। গড় মাত্র ৮.৯০। অন্যদিকে ৪১ ওডিআই ম্যাচ খেলে ১৪.৩৫ গড়ে ৫৭৪ রান করেছেন। আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে প্রমাণ করতে পারেননি। ফলে, এখন আর বিবেচনায় আসেন না।
কিন্তু ঘরোয়া ক্রিকেটে তার পারফরম্যান্স তাকে প্রমাণ করার জন্য যথেষ্ট। প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে তুষারের নামের পাশে আছে ১০ হাজার রান, সর্বোচ্চ ২৮টি সেঞ্চুরিও তাঁরই। সবশেষ বিসিএলে ৯০.৬২ গড়ে ৪ সেঞ্চুরি ও ৩ ফিফটি তুলে সংগ্রহ করেছেন ৭২৫। গত দুই বছরে প্রথম শ্রেণীর ক্রিকেটে সেঞ্চুরি করার মত সহজ কাজ যেন তার কাছে আর কিছু নেই।
৩৫ বছর বয়সী তুষার ইমরান তাই একটি দাবি রাখতেই পারেন। ক্যারিয়ারের শেষ লগ্নে এসে জাতীয় দলে আরো একবার তুষারকে সুযোগ দেওয়া উচিৎ বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেটের অনেক ভক্ত-সমর্থক। ব্যাট হাতে ঘরোয়া লিগে উজ্জ্বল এই ক্রিকেটারকে সুযোগ দেওয়া হবে কিনা, এমন প্রশ্ন করা হয় বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকে।
এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা আপনাদের মনে রাখতে হবে, ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা মানে এই নয় যে সে আন্তর্জাতিক ক্রিকেটেও ভালো করবে। আপনাকে বুঝতে হবে আন্তর্জাতিক পর্যায়ে তার সামর্থ্য কতখানি। ঘরোয়া ক্রিকেটে ভালো করলে এখনই নিতে হবে, এমন কথা নেই। আগে ‘এ’ আর এইচপি দলটা দিই, সেটা দেখেন, তখন বিষয়টা বুঝতে পারবেন।’
সামনে বাংলাদেশের ব্যস্ত সূচি। জুনে আফগানিস্তান ও উইন্ডিজ সফরে যাবে টাইগার্সরা। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদাহাস ট্রফির পর দীর্ঘ তিন মাস বিরতি দিয়ে আবার মাঠে নামবে বাংলাদেশ। এই দুই সিরিজকে সামনে রেখে ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হবে আগামীকাল। দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটে রান করাটা ডালভাত বানানো তুষার ইমরান কি এবারো সুযোগ পাবে না? অন্তত প্রাথমিক দলেও কি তার জায়গা হবে না?
