বিশ্বকাপ ফুটবল শুরু হতে বেশি দিন বাকি নেই। ইতিমধ্যেই দল গোছাতে শুরু করে দিয়েছে বিশ্বকাপে সুযোগ পাওয়া দলগুলো। ব্যতিক্রম নয় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও। বরং দল নিয়ে অনেকের চেয়ে বেশিই ভাবছে গত বিশ্বকাপের রানার্সআপ দলটি। কেননা বর্তমানে বিন্দুমাত্র ফর্মে নেই তারা। তাছাড়া বিশ্বকাপ বাছাইপর্বে শেষ রাউন্ডে জিতে কোনোমতে মূল আসরে সুযোগ পাওয়ায় দল নিয়ে ভাবনার বিকল্প নেই আর্জেন্টিনা কোচ হোর্হে সম্পাওলির জন্য। বিশ্বকাপে ভালো করতে হলে সেরা দলটিই বাছাই করতে হবে তাকে।
টিওয়াইসি স্পোর্টস তাদের এক সংবাদে জানাচ্ছে, দিবালার বিশ্বকাপে জায়গা পাওয়া নিয়ে কোনো সংশয় নেই। থাকছেন হিগুইয়েনও। সঙ্গে ইকার্দির না থাকাটাও প্রায় নিশ্চিত। ইকার্দির বাদ পড়ার কারণ হিসেবে সাম্পাওলি জানিয়েছেন, দলের অন্যদের সঙ্গে মাঠে তাঁর বোঝাপড়ার যথেষ্ট অভাব রয়েছে। ইউরোপে যাঁরা খেলছেন, তাঁদের মধ্যে স্ট্রাইকার হিসেবে জুভেন্টাসের হিগুয়েইন আর ম্যানচেস্টার সিটির সার্জিও আগুয়েরোকেই পছন্দ আর্জেন্টিনা কোচের।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম জানাচ্ছে, গতকাল পাওলো দিবালা, গঞ্জালো হিগুয়েইন ও মাউরো ইকার্দির সাথে দেখা করেছেন কোচ হোর্হে সাম্পাওলি। সেই সাক্ষাৎ থেকে দুটি বিষয় নিশ্চিত করে ফেলেছেন। জুভেন্টাসের দিবালা ও হিগুয়েইন বিশ্বকাপের দলে থাকছেন। জায়গা হচ্ছে না ইন্টার মিলান স্ট্রাইকার মাউরো ইকার্দির। রাশিয়া বিশ্বকাপের দল গড়তে এই মুহূর্তে ইউরোপে ঘুরছেন আর্জেন্টিনা কোচ।
আর্জেন্টিনার এক সিংহভাগ সমর্থকের বাস এই বাংলাদেশে। আর্জেন্টিনা কোচের মত সেই সব সমর্থকও দল নিয়ে বেশ চিন্তিত। কে থাকছে দলে, কে বাদ যাবে – এ নিয়ে আলোচনা সমালোচনা চলছে সবখানে।
