একটি গুরুত্বহীন খেলা, অথচ অনেক গুরুত্ব বহন করে। এল ক্লাসিকো এমনই এক লড়াই, যেখানে থেমে যায় সময়, চোখ আটকে যায় ওই সবুজ গালিচায়। সেরা দুই দলের লড়াই, সময়ের সেরা দুই খেলোয়াড়ের নিজেদের ছাড়িয়ে যাওয়ার মিশন। এমন এক খেলার উত্তেজনায় তো কাঁপবেই ফুটবল বিশ্ব। এখানেই খেলার সৌন্দর্য। আর সেই সৌন্দর্যে মাত্রা ছাড়ায় এল ক্লাসিকো মহারণ।
গত ম্যাচেই লীগ জিতেছে বার্সেলোনা। তাই এই খেলা বলতে গেলে নিয়ম রক্ষার। কিংবা রিয়াল মাদ্রিদের দুইয়ে ওঠার মিশন। স্বভাবতই তাপ উত্তাপহীন এই খেলার আগ্রহ কমই থাকার কথা। কিন্তু যেখানে খেলাটা অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়ায়, কিংবা বলা যায় নিজেদের আরেকটু ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারিত হয় – সেখানে এই তাপ উত্তাপহীন খেলাটিও উত্তেজনার পারদে আগুন জ্বালিয়ে দেয়।
ক্যাম্প ন্যু যে আজ বারুদে পুড়বে তার আভাস ৯ মিনিটেই দেন লুই সুয়ারেজ। দুর্দান্ত কাউন্টার এটাক থেকে সার্জিও রবার্তোর অসাধারণ ক্রস। মেসি তখন বোতল বন্দি নাচো ও ভারানে দ্বারা। কিন্তু রবার্তো ঠিকই খুঁজে নেন ফাঁকা জায়গায় থাকা সুয়ারেজকে। অসাধারণ ভলিতে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন এই উরুগুইয়ান। কিন্তু এই লিড বেশিক্ষণ ধরে রাখা যায় নি। রিয়াল মাদ্রিদের মাঝ মাঠের প্রাণভোমরা টনি ক্রুসের কাউন্টার এটাক থেকে ক্রস, বেনজেমার হেড এবং রোনালদোর আলতো ছোঁয়ায় বল জালে। ১-১ এ সমতা তখন ন্যু ক্যাম্পে।
এরপর একের পর এক আক্রমণ চালিয়ে গেছে দুই দল। ১৯ মিনিটে মেসির দুর্দান্ত ভলি থেকে সুযোগ নষ্ট করে জর্দি আলবা। এর ঠিক দুই মিনিট পর লুকা মদ্রিচের পাস থেকে ফাঁকা জায়গায় বল পেয়েও বার্সেলোনার রক্ষক টের স্টেগানের কল্যানে গোল করতে ব্যর্থ ক্রিস্টিয়ানো রোনালদো। ২৫ মিনিটের মাথায় আবার সুযোগ নষ্ট করেন রোনালদো। গোলপোস্টের পাশ দিয়ে শট করেন তিনি। নড়ার সুযোগও পাননি বার্সা রক্ষক স্টেগান। ২৯ মিনিটের সময় ব্রাজিলিয়ান ফিলিপ কুতিনহোর পাস থেকে পাওয়া বল নিয়ে এগিয়ে যাওয়ার সময় মেসিকে থামান রিয়াল মাদ্রিদ রক্ষা কবজ কেইলর নাভাস।
এরপরই যেন চিত্র বদলে যেতে থাকে মাঠের। শুরুটা বার্সেলোনার সুয়ারেজ ও রিয়াল মাদ্রিদের রামোসকে দিয়ে। বাকবিতন্ডার মধ্য দিয়ে হলুদ কার্ড দুইজনেরই সম্পত্তি। এর মিনিটখানেক পড়েই সেই রামোসকে ফাউল করে হলুদ কার্ড দেখেন মেসি। সেই উত্তেজনা ছড়িয়েছে মাঠ জুড়ে। একের পর এক হলুদ কার্ড বের হয়েছে রেফারির পকেট থেকে। সেখানে যেন ক্লান্তি নেই তার। শেষ হয়েছে রবার্তোকে দিয়ে। মার্সেলোর মুখে আঘাত করার কারণে সরাসরি লাল কার্ড দেখতে হয়ে বার্সেলোনার এই রাইট ব্যাককে। রবার্তোকে হারিয়ে, ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় লা লিগা চ্যাম্পিয়নরা।
দশ জনের দল নিয়ে দ্বিতীয় অর্ধ শুরু করে বার্সেলোনা। তবে একজনকে হারালেও ক্যাম্প ন্যুতে হার মানতে নারাজ ইতোমধ্যে লীগ শিরোপা জেতা দলটি। ঘড়ির কাটায় যখন ৫২ মিনিট, ক্রিস্টিয়ানো রোনালদোর পরিবর্তে নামা মার্কো এসেন্সিওর আক্রমণ থেকে জোরালো শট থামিয়ে দেন টের স্টেগান। এই আক্রমণের বিপরীতে পাল্টা আক্রমণ চালায় স্বাগতিক দল। সেই আক্রমণ থেকে লুই সুয়ারেজের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন লিওনেল মেসি। ক্যাম্প ন্যু তখন পুড়ছে উত্তেজনায়। কেননা, মিনিট খানেক পরেই বল জালে জড়ান সুয়ারেজ। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয় গোল।
৫৬ মিনিটে বার্সা অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তাকে বদলি করেন বার্সা বস ভালভার্দে। এরই মধ্য দিয়ে ক্যারিয়ারের শেষ এল ক্লাসিকো খেলে ফেলেন ইনিয়েস্তা। ৫৯ মিনিটে নেলসন সেমেদোর ক্রস থেকে আসা বলে পা ছোঁয়াতে ব্যর্থ হন ইনিয়েস্তার বদলি হিসেবে নামা পাউলিনহো। ফলে লিড বাড়িয়ে নেওয়ার সুযোগ নষ্ট হয় স্বাগতিকদের। এরপর বেশ কিছু সুযোগ তৈরি সফরকারী রিয়াল মাদ্রিদ। কিন্তু বার্সেলোনার রক্ষণ দুর্গে প্রতিহত হয় সেসব আক্রমণ।
রিয়ালের আক্রমণের বিপরীতে আক্রমণ চালিয়েছে বার্সেলোনাও। ৬৯ মিনিটে ম্যাচের অন্যতম সেরা সুযোগটি নষ্ট করেন লিওনেল মেসি। ফাঁকা জায়গায় বল পেয়েও গোল করতে ব্যর্থ এই আর্জেন্টাইন। নাভাসের অসাধারণ সেভে সে যাত্রা রক্ষা পায় মাদ্রিদ। তবে ম্যাচের ৭২ মিনিটের সময়ে সুফল পায় সফরকারীরা। এসেন্সিওর পাস থেকে ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে বল জালে জড়ান গ্যারেথ বেল। খেলা তখন ২-২ সমতায় জমজমাট।
দশ জনের বার্সেলোনার বিপক্ষে আক্রমণের পসরা সাজিয়ে বসেছিল রিয়াল মাদ্রিদ, আক্রমণ চালিয়েছে বার্সেলোনাও। কখনো গ্যারেথ বেল কিংবা এসেন্সিও, কখনোবা লিওনেল মেসি অথবা সুয়ারেজ। স্বাগতিকদের বাঁচিয়েছে টের স্টেগান, অন্যদিকে সফরকারীদের ত্রাতা হয়েছেন কেইলর নাভাস। দুই দলের রক্ষণভাগ এ দিন ভালোই পরীক্ষা দিয়েছে দলকে বাঁচাতে। শেষমেষ কোনো পক্ষই গোল করতে না পারলে ২-২ গোলে ড্র হয় ম্যাচটি।
এই জয়ে এখন পর্যন্ত লা লিগাতে অপরাজিত বার্সেলোনা। ৩৫ ম্যাচে তারা জিতেছে ২৬টিতে আর ড্র করেছে ৯টিতে। শেষ তিন ম্যাচের কোনোটিতে না হারলে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার নতুন কীর্তি গড়বে কাতালান এই দলটি।
