বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর বাতিল হয়েছে – খবরটি পুরোনো। আর্থিক ক্ষতির কথা ভেবেই সিরিজটি বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)-এর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কে দেওয়া মেইলে এমনটিই জানানো হয়েছে।
ক্রিকেট অস্ট্রেলিয়া বাংলাদেশের এই সফর বাতিল করার পর এ নিয়ে কি ভাবছে বিসিবি, এমন প্রশ্নের জবাবে বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ‘আমরা তাদের কাছে ইতোমধ্যে আরেকটি প্রস্তাব দিয়ে রেখেছি। যদিও তারা এখনো সেটিতে সাড়া দেয়নি তবে আমরা অপেক্ষায় আছি তাদের উত্তরের জন্য।’
এবার সিরিজটি আয়োজন না হলেও, আগামীবছর ইংল্যান্ডে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের পর সিরিজটি আয়োজনের প্রস্তাব পাঠায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়ান গণমাধ্যমের খবর অনুযায়ী, টেস্ট ও ওয়ানডে সিরিজ বাতিল করলেও বাংলাদেশের জন্য ত্রিদেশীয়-২০ সিরিজ খেলার সুযোগ রেখেছে অস্ট্রেলিয়া, যেখানে বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়া ছাড়াও অংশ নেবে আরও একটি দল।
এই সিরিজে দুইটি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলার কথা ছিল বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার। কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্কায় বাংলাদেশের বিপক্ষে সিরিজটি বাতিল করার সিদ্ধান্ত নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বিসিবিকে পাঠানো এক মেইল বার্তায় তারা জানায়, এই সিরিজের জন্য আগ্রহ দেখাচ্ছে না দলটির অফিশিয়াল ব্রডকাস্ট পার্টনার। সিরিজটি হলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভবনাই বেশি। কেননা আগস্ট-সেপ্টেম্বরে ফুটবলের মৌসুম চলবে অস্ট্রেলিয়ার। বাংলাদেশের বিপক্ষে সিরিজের চেয়ে ফুটবলেই বেশি আগ্রহ দেখিয়েছে অস্ট্রেলিয়ার ব্রডকাস্ট পার্টনার। তাই ওই মৌসুমে এই সিরিজটি থেকে আর্থিকভাবে লাভবান হবে না তারা। যার কারণে সিরিজটি বাতিল করার সিদ্ধান্ত জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
গত বছরই দুইটি টেস্ট খেলতে বাংলাদেশ সফর করেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এফটিপি অনুসারে ২০১৫ সালে সিরিজটি হওয়ার কথা থাকলেও নিরাপত্তার কারণ দেখিয়ে দুই বছর পিছিয়ে ২০১৭ তে বাংলাদেশের বিপক্ষে দুইটি টেস্ট খেলে অস্ট্রেলিয়া। ওই সিরিজ ১-১ সমতায় ‘ড্র’ হয়েছিল। এফটিপি অনুযায়ী এই বছরই অস্ট্রেলিয়া সফর করার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু এখানেও বাঁধ সাধে পুনর্বাসনের মধ্য দিয়ে যাওয়া পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
চলতি বছরের এই সিরিজটি বাতিল হলেও, ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এর আগেভাগে বিশ্বকাপ প্রস্তুতি হিসেবে বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে চায় তারা। ত্রিদেশীয় সে সিরিজে তৃতীয় কোন দল হতে পারে তা এখনো সিদ্ধান্ত নেয় নি ক্রিকেট অস্ট্রেলিয়া।
