আইপিএল এমনই এক বিস্ময়, যে বিস্ময়ে হতবাক হবেন আপনিও। কি হচ্ছে, কিভাবে হচ্ছে বুঝতে বুঝতে সময় কেটে যাবে। গতকাল আইপিএল এমনই এক বিস্ময়ের জন্ম দিয়েছে। এবারের আইপিএলে গেইল অবিক্রিত ছিলেন, দ্বিতীয় দফায় তাকে দলে ভিড়ায় কিংস ইলেভেন পাঞ্জাব। হাশিম আমলা গত আইপিএলেই হাঁকিয়েছিলেন জোড়া শতক। এবার থেকে গেছেন অবিক্রিত।
এমন এক বিস্ময়ের রেশ কাটতে না কাটতেই দেখতে পারবেন একজন নেপালী বালকের অভিষেক হচ্ছে আইপিএলে। তার লেগ স্পিনেও ভ্যাবাচ্যাকা খায় ব্যাটসম্যানরা। স্বন্দীপ লামিচনে গতকাল প্রথম ম্যাচ খেলেন আইপিএলে। ৪ ওভার বল করে ২৫ রান খরচায় তুলে নিয়েছেন পার্থিব প্যাটেলের উইকেট। ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন। চলতি বছর নেপালের ওডিআই স্ট্যাটাস পাওয়ার অন্যতম কারিগরি তিনি।
লেগ স্পিনারের মাহাত্ম এখানেই। সে কোন দলের তা বিষয় হয়ে ওঠে না। সুযোগ পেলে ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা নিতে পারে। কিন্তু এই সুযোগটাই যে আমরা দিতে চাই না। ঢাকা প্রিমিয়ার লিগে দল পান না, বিপিএলে মুখ দেখানোর সুযোগ হয় না, ৩০ সদস্যের প্রাথমিক দলে কিংবা হাইপারফরম্যান্স দলেও নাম আসে না। তাই ভিরাট কোহলির মত ব্যাটসম্যানকে গুগলিতে প্যাভিলিয়নের পথ দেখানো লিখনদের খ্যাপ খেলে নিজেদের বোলিং ঠিক রাখতে হয়।
‘আপনি জানেন, এখন আমি নিজের বোলিং ঠিক রাখতে কী করছি? খ্যাপ খেলে বেড়াচ্ছি। কারণ, আমি জানি যত বেশি খেলব তত বেশি শিখব। আমি যদি ম্যাচই কম খেলি তাহলে শিখব কী করে? যদি নিয়মিত অনেক ম্যাচ খেলি তাহলে আমি বুঝতে পারব, আমার কী ভুল হচ্ছে। যেহেতু আমি খেলার সুযোগ কম পাচ্ছি তাই বিভিন্ন জেলার লিগে খেলছি। সেখানে খেলার সুফলও টের পাচ্ছি।’ – দেশের এক গণমাধ্যমকে এভাবেই বলেছিলেন তিনি।
তখন কষ্টটা বাড়ে। যেই জুবায়ের হোসেন লিখনকে বাংলাদেশের সম্ভাবনা মনে করা হতো, সেই লিখন এখন পেশাদারি ক্রিকেট নয়, জেলায় জেলায় খ্যাপ খেলে বেড়ান। কারণ সে তো সুযোগ পায় না, বোলিং ঠিক রাখতে এর থেকে ভালো উপায় আর কি আছে! ক্রিকেটের মধ্যেই তো থাকা হয়।
ক্রিকেটে লেগ স্পিনার প্রজাতি কালেভদ্রে আসে। স্পিন মাস্টার অস্ট্রেলিয়ার শেন ওয়ার্নের পর ভারতের অনিল কুম্বলে, অস্ট্রেলিয়ার স্টুয়ার্ট ম্যাগগিলরা আলো ছড়িয়েছেন। বর্তমান টি-টোয়েন্টির যুগে লেগ স্পিনার ছাড়া চলাও যায় না। র্যাঙ্কিং দেখলে বুঝা যাবে, শীর্ষ ছয় বোলারের পাঁচজনই লেগি। তখন আক্ষেপটা বাড়ে। আমাদের যদি একজন থাকতো!
ভারতে লেগ স্পিনারের সংখ্যার অভাব নেই, পাকিস্তানও তৈরি করছে একটু আধটু, নবাগত আফগানিস্তান কিংবা নেপালও সেই দিকেই এগিয়ে যাচ্ছে। অথচ আমরা? অলক কাপালির পর আর কোনো রিস্ট স্পিনার তৈরি করতে পারিনি। যদিও এক দুইজন আসে সুযোগ না দিয়ে নষ্ট করছি তাদের। যদি সুযোগই না দেওয়া হয়, তবে তারা কি করে এগিয়ে যাবে। তাদের পরিচর্চা জরুরি। না হলে এই আক্ষেপটা যে থেকেই যাবে!
গত বিপিএলের সময় এক সাক্ষাৎকারে লিখন বলেছিলেন, ‘বিপিএলের সময়ে আমাকে অনুশীলনে ডেকেছিলেন মাশরাফি ভাই। তার ডাকে আমি নেটে বোলিং করতে আসি। সে সময় সেখানে মাশরাফি ভাইয়ের সঙ্গে ছিলেন কোচ টম মুডি, ম্যাককালাম। আমার বোলিং খেলার পর ম্যাককালাম তো এসে জানতে চেয়েছিলেন, ‘এবারের বিপিএলে আমি কয় উইকেট পেয়েছি।’ তার কথা শুনে আমি হাসলাম। তারপর বললাম, ‘আমি তো এবারের বিপিএলে কোনো দলে নাই।’ আমার উত্তর শুনে খুব অবাক হয়েছিলেন তিনি। তারপর মুডির সঙ্গে আমার ব্যাপার কথা বলেন। মুডি এসে আমাকে বললেন, ‘তুমি যদি গ্রিপ এমন কর তাহলে আরও ভালো হবে। তুমি তো এই টুর্নামেন্টে খেলার মতো ক্রিকেটার। তোমাকে সুযোগ দেয় না কেন?’
‘মুডি হয়তো মাশরাফি ভাইকে কিছু বলেছিলেন। অনুশীলনের পর মাশরাফি ভাই আমার কাছে এসে কিছু কথা বলেছিলেন। সেগুলো আমি জীবনেও ভুলবো না। তিনি আমাকে বলেছিলেন, ‘তুই হয়তো আজকে সুযোগ পাচ্ছিস না কিন্তু হাল ছাড়িস না। তোর ক্যারিয়ার এখনও ১৫ বছর আছে। তুই এখন অনুশীলন কর। সুযোগ না আসুক তুই আগামী ৫ বছর শুধু অনুশীলন কর। পরে হলেও তোর সুযোগ আসবেই। সে সময় যেন কাজে লাগাতে পারিস, তার জন্য নিজেকে তৈরি করে রাখ। হাল ছাড়বি না।’ মাশরাফি ভাইয়ের এই কথা আমার খুব ভালো লেগেছে। উনি খুব ভালো কথা বলেছেন। সত্যিই তো আজকে সুযোগ না আসুক কাল তো আসতেই পারে, তৈরি থাকলে তখন সেটা কাজে লাগানো যাবে।’
পার্থক্যটা এখানেই। আইপিএল যেখানে নেপালের এক যুবককে সুযোগ দিতেও ভয় পায় না, আমরা সেখানে আমাদের ভবিষ্যৎকে সুযোগ দিতে কার্পণ্য করি। আর এ কারণেই লিখনরা বেশি দূর এগোতে পারে না। আত্মবিশ্বাস হারিয়ে ঝরে পড়ে অসময়ে।
