ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি জ্বরে পুড়ছে ক্রিকেট বিশ্ব। ক্রিকেটের এ উত্তাপ – উত্তেজনায় যখন কাঁপে ক্রিকেট দুনিয়া, বাংলাদেশই বা পিছিয়ে থাকবে কেন? বাংলাদেশ যে পিছিয়ে নেই, তার প্রমাণ দিতে বছর ঘুরে আসে বাংলাদেশ প্রিমিয়াম লীগ (বিপিএল)।
এই বিপিএল নিয়ে বাংলাদেশের ক্রিকেটপ্রেমী জনসাধারণের আগ্রহের কমতি নেই। প্রতিনিয়ত এর উত্তেজনায় টগবগ করে ফুটতে থাকে বাংলাদেশের ক্রিকেটপাড়া। অপেক্ষার প্রহর গুনে সবাই। সাকিব-তামিম-মাশরাফি-মুশফিক-রিয়াদরা জ্বলে উঠবে, তাদের ব্যাট বলে কাঁপবে মাঠ। প্রত্যাশা নিয়ে গ্যালারী পূর্ন হয় কানায় কানায়। কখনো কখনো আইপিএলের মত তরুণ কিছু ক্রিকেটারের মারদাঙ্গা খেলায় আনন্দ খুঁজে নিতে চায় অনেকেই। এই বিপিএল নিয়ে এখন কাজ করছে সংশয়। ২০১৮ সালে বিপিএলের ষষ্ঠ আসর হবে তো?
এমন প্রশ্নের কারণ আছে বৈকি। কদিন আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, বিপিএল হতে পারে অক্টোবরের প্রথম সপ্তাহে। কিন্তু এই সূচি থেকে সরে আসতে হচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিলকে। কারণ, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী অক্টোবর-নভেম্বর-ডিসেম্বরে রাজনৈতিক পরিস্থিতি অন্য রকম হয়ে যেতে পারে। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীকে বেশি ব্যস্ত থাকতে হবে সেদিকেই। এই সময় বিপিএলের মতো বড় টুর্নামেন্ট আয়োজন করলে পর্যাপ্ত নিরাপত্তা পাওয়া যাবে কি না, সেটি বিষয় নিয়ে সংশয় আছে বিপিএল গভর্নিং কাউন্সিলের।
গত ১৮ এপ্রিল বিসিবি’র পরিচালনা পরিষদের সভা শেষে বিসিবি সভাপতি বিপিএলের সম্ভাব্য সূচিও জানিয়ে দিয়েছিলেন। ৫ অক্টোবর থেকে শুরু হয়ে চলবর ১৬ নভেম্বর পর্যন্ত। কিন্তু পিছিয়ে আসতে হচ্ছে সে সূচি থেকে।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক জানান, ‘নির্বাচনের আগে আগে সাতটা দলকে নিরাপত্তা দেওয়া, তিনটা ভেন্যুতে খেলা চালানো খুবই কঠিন। প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা যদি না পাই, তবে টুর্নামেন্টটা নির্বাচনের পরেই করতে হবে। সেটি হলে জানুয়ারির দিকে আয়োজন করা হতে পারে।’ তিনি এও জানিয়ে রাখলেন, ২০১৯ এর জানুয়ারিতে বিপিএলের ষষ্ঠ আসর হলে এক বছরে দুটি বিপিএল অনুষ্ঠিত হবে। কেননা, আগামী বছর অক্টোবর–নভেম্বরে হবে এর সপ্তম আসর।
আগামী জানুয়ারিতে পূর্ণাঙ্গ সফরে বাংলাদেশে আসার কথা জিম্বাবুয়ে ক্রিকেট দলের। জানুয়ারিতে বিপিএল হলে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও পরিবর্তন আসবে। বিপিএলের জন্য বরাদ্দ মাসগুলোতে কোনো খেলা থাকে না জাতীয় দলের। অক্টোবর-নভেম্বরে খেলা না হলে জাতীয় দলের খেলোয়াড়রা যেন বসে না থাকে, তা নিয়েও ভাবতে হচ্ছে বিসিবিকে।
বিপিএলের অনেক ফ্রাঞ্চাইজি দলের মালিক দেশের রাজনীতির সাথে যুক্ত। হয়ত নির্বাচনেও অংশগ্রহণ করবেন তারা। সেসময় নির্বাচনী প্রচারণায় মন দিতে গিয়ে বিপিএলে পুরোপুরি মনযোগ দেয়া সম্ভব হবে না। সে জন্য অনেক ফ্রাঞ্চাইজিই চাচ্ছে বিপিএল এর ষষ্ঠ আসর হোক নির্বাচনের পর।
ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘নির্বাচন হয়তো অনেক ফ্র্যাঞ্চাইজি মালিক করবেন। কিন্তু আমাদের চিন্তাটা হচ্ছে নিরাপত্তা নিয়ে। প্রত্যেকটি দলকে পর্যাপ্ত পুলিশ বা নিরাপত্তা বাহিনীর সদস্য যদি না দিতে পারি, তবে আমাদের জন্য কঠিন হয়ে যাবে। এটা নিয়ে আলাপ-আলোচনা চলছে। এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে। তবে পেছানোর ভালো সম্ভাবনা আছে।’
নির্বাচনের সময় বাংলাদেশের রাজপথ অনেকটাই উত্তপ্ত থাকে। রাজনীতির উত্তেজনায় দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে সে দিকেই ব্যস্ত থাকতে হবে। তাই অসংখ্য দেশী বিদেশী খেলোয়াড়দের নিরাপত্তাজনিত সমস্যার কারণেই হয়ত এই বছর হবে না বিপিএল।
