কোচ হবেন মোহাম্মদ রফিক?




বাংলাদেশের ক্রিকেটের সর্বকালের সেরা স্পিনার কে? প্রশ্নটা উঠলে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় মোহাম্মদ রফিকের নাম। ক্রিকেটের নতুন এক সদস্য বাংলাদেশের একজনও যে বিশ্ব মঞ্চে আলো ছড়াতে পারে তা প্রথম এই রফিকই শিখিয়েছিলেন। তার হাত ধরেই তো এদেশে বাঁহাতি স্পিনারদের রাজত্ব। সেই রফিক যদি বাংলাদেশ ক্রিকেট দলের স্পিন কোচ হয়?
রোমাঞ্চটা এখানেই। রফিক হয়ত এখনই বাংলাদেশ জাতীয় দলের কোচ হতে পারছেন না। তবে শীঘ্রই তিনি চুক্তি বদ্ধ হতে চলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)- এর সাথে।
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক কোচ গর্ডন গ্রিনিজ বাংলাদেশে এসেছেন দুই দিন আগে। এদেশের ক্রিকেটে তার অবদান অনস্বীকার্য। ১৯৯৭ আইসিসি ট্রফি জয়, ১৯৯৯ সালে প্রথম বিশ্বকাপ, ২০০০ সালে প্রথম টেস্টে মাঠে নামা তারই অধীনে ছিল।
তার সম্মানে এক নৈশভোজের আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে অন্যান্য সাবেক ক্রিকেটারদের সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক স্পিনার মোহাম্মাদ রফিকও। আর সেখানেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন রফিককে প্রস্তাব দিয়েছেন জাতীয় দলের স্পিন কোচ হওয়ার।
আনুষ্ঠানিক ভাবেই এ প্রস্তাব দেওয়া হয় বাংলাদেশের স্পিনে বিপ্লব ঘটানো মোহাম্মদ রফিককে। খুব দ্রুতই বিসিবির সঙ্গে হতে যাচ্ছে চুক্তি। আর এর প্রতিক্রিয়ায় মোহাম্মাদ রফিক জানিয়েছেন, বহুদিন ধরে এমন একটা প্রস্তাবের অপেক্ষায় ছিলেন তিনি। সেই সঙ্গে ক্রিকেটের জন্য নিজেকে উজাড় করে দিতে প্রস্তুত তিনি।
রফিকের আরও আগে আশা করেছিলেন এই ধরনের প্রস্তাবের কিন্তু দেরীতে আসলেও তাঁর নেই কোনো ক্ষোভ। এই দায়িত্ব কাঁধে নিয়ে দেশকে আরও কিছু দিতে চান তিনি। নিজের মতো করে তৈরী করতে চান স্পিনারদের। যাতে আবারো বাংলাদেশের স্পিন ভেলকিতে নাস্তানাবুদ হয় প্রতিপক্ষ।
প্রাথমিকভাবে রফিক কাজ করবে হাই পারফরম্যান্স দল ও বয়সভিত্তিক দলগুলোর সাথে। সেখানে ভালো কিছু করতে পারলে হয়ত দেখা মিলতে পারে জাতীয় দলের কোচ হিসেবে।