সেমিফাইনালেই আর্জেন্টিনার প্রাপ্তি!




বিশ্বকাপ কড়া নাড়ছে দোরগোড়ায়। এক মাসেরও সময় আছে এখন। ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এখন রাশিয়া বিশ্বকাপ। আলোচনা সমালোচনা চলছে সর্বত্র। এখানে খেলোয়াড়রাও বাদ যাবে কেন? তাই যেখানেই যাবেন সেখানেই বিশ্বকাপ নিয়ে আলোচনার অংশ হতে হবে। গতকাল আর্জেন্টিনার টিভি চ্যানেল টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মেসি খোলামেলাভাবে কথা বলেন নানা বিষয়ে।
দুইবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। স্বভাবতই বিশ্বকাপ এলেই আর্জেন্টিনাকে প্রত্যাশার চাপ বেশি থাকে। তাই বর্তমান রানার্সআপদের নিয়ে স্বপ্ন বুনছে তাদের সমর্থকরা।
কিন্তু মেসি কোথায় দেখছেন আর্জেন্টিনাকে? চ্যাম্পিয়ন তো হতে চাইবেন অবশ্যই। চ্যাম্পিয়ন খেলোয়াড়রা তো শিরোপা তুলে ধরতে চাইবেনই। কিন্তু এবার অতটা আশা করছেন না এই সেরা খেলোয়াড়। অনন্ত সেমিফাইনালে গেলেই খুশি হবেন লিওনেল মেসি। তিনি বলেন, ‘বিশ্বকাপে ভালো করতে শেষ চারে থাকতে হবে। আর্জেন্টিনা সেখানে ওঠার যোগ্য, ইতিহাস তা–ই বলে। তবে এ জন্য কঠিন পরিশ্রম করতে হয়। আমার মতে, আবারও এ পর্যায়ে উঠতে হবে আমাদের।’
২০১৪, ২০১৫ ও ২০১৬ সালে তিনটি ফাইনাল খেলেছিল আর্জেন্টিনা। কিন্তু একটিতেও জিততে পারেনি কোনো ট্রফি। ব্যর্থতার দায় মাথায় নিয়ে অবসরের ঘোষণাও দিয়েছিলেন। সেখান থেকে ফিরেও এসেছেন। ফিরে না আসলে হয়ত আর্জেন্টিনারই বিশ্বকাপ খেলা হত না! ইকুয়েডরের বিপক্ষে বাছাইপর্বের শেষ ম্যাচের হ্যাটট্রিকই তো আর্জেন্টিনাকে নিয়ে গেল বিশ্বকাপে।
সেই সময় তার অবসরের সিদ্ধান্ত ভুল ছিল বলে মনে করেন মেসি, ‘২০১৬ সালে অবসরে যাওয়াটা অামার কাছে ভুল মনে হয়েছিল। এটা বুঝতে পেরেছিলাম যে যারা স্বপ্নের সাথে যুদ্ধ করছে তাদের সাথে ভুল কিছু করছি। অামি অার্জেন্টিনা ছেড়ে থাকতে পারছিলামনা। সতীর্থরা অনুশীলন করতো অার অামার জন্য বসে বসে সেগুলো দেখা খুবই কষ্টকর।’
মেসি মনে করেন ২০১৪ সালের জায়গায় জার্মানির জায়গায় থাকতে পারত আর্জেন্টিনা, ‘বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হারের পর অামার মনে হচ্ছিল অামরা ওদের জায়গায় থাকতাম।’
এখন আবার নতুন করে শুরু করতে হবে। কোচ সম্পাওলির উপর ভরসা রেখেই এগোতে চান মেসি। এই চ্যালেঞ্জে জিততেও চান। তবে বর্তমানে আর্জেন্টিনা দল ২০১৪ বিশ্বকাপের দলটির থেকে পিছিয়ে আছে বেশ। তাই কিছু করতে চাইলে ভালো কিছু করতে হবে, দিতে হবে সেরাটা। মেসিও জানেন সে কথা, ‘বিশ্বকাপ জিততে হলে অামাদেরকে অনেক ভালো খেলতে হবে। তবে সত্যি এটাই যে ব্যাপারটা অতোটা সহজ না। এখন অনেক টিম অাছে যারা অাপনার বিরুদ্ধে ১-০ তে জিততে পারে। স্রষ্টাই জানেন অামরা বিশ্বকাপ জিতবো কিনা। তবে মাঠে অামরা অামাদের সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো এবং যা হবার হবে।’
এবার দেখার বিষয়, কতটুকু কি করতে পারে আর্জেন্টিনা। গ্রূপ পর্বে আর্জেন্টিনাকে লড়তে হবে নবাগত আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়ার বিপক্ষে।’