বিশ্বের প্রথম সারির একটি সংবাদ মাধ্যম বিবিসি। অন্যান্য সংবাদের পাশাপাশি এতে বাদ যায় না খেলার খবরও। তবে এই বিবিসি একসময় ক্রিকেট খেলা সরাসরি সম্প্রচার করত, তা হয়ত অনেকেরই অজানা। কারণ সর্বশেষ ১৯৯৯ সালে টেস্ট ক্রিকেট সম্প্রচার করেছিল এই সংবাদ সংস্থাটি।
তবে বেশ কিছুদিন ধরেই নতুন করে ক্রিকেট সম্প্রচার করার চিন্তাভাবনা করছিল বিবিসি। সেই চিন্তার সূত্র ধরে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের সাথে সম্প্রচার স্বত্ব নিয়ে কথাবার্তা প্রায় সম্পন্ন করে ফেলেছে বেসরকারি এই টিভি চ্যানেল।
জানা গেছে, স্কাই স্পোর্টসের সাথে একসাথে বিবিসিও সম্প্রচার স্বত্বের অংশীদার হিসেবে কাজ করবে ২০২০ সাল থেকে। স্কাই স্পোর্টস ও বিবিসি এই সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে ১.১ বিলিয়ন ইউরোতে।
৫ বছরের এই চুক্তিতে প্রতি মৌসুমে বিবিসি প্রচার করবে :
● ইংল্যান্ড পুরুষ দলের দু’টি টি২০
●ইংল্যান্ড মহিলা দলের একটি টি২০
●ইংল্যান্ড পুরুষ দলের নতুন ঘরোয়া টি২০ টুর্নামেন্টের ১০টি ম্যাচ (ফাইনাল সহ)
●ইংল্যান্ড মহিলা দলের ঘরোয়া টি২০ টুর্নামেন্টের আটটি ম্যাচ (ফাইনাল সহ)
●পুরুষ দলের হোম ম্যাচগুলোর হাইলাইটস
●মহিলা দলের সব ম্যাচের হাইলাইটস
●কাউন্টি লীগের সব ম্যাচ, ঘরোয়া ওয়ানডে কাপ ও ঘরোয়া টি২০’র সব ম্যাচ।
অবশ্য বিবিসিকে এই সম্প্রচার স্বত্ব দেওয়া নিয়ে এক দীর্ঘমেয়াদি পরিকল্পনা আছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের। মূলত, বিবিসি অসংখ্য দর্শক, জনপ্রিয়তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পুরুষের পাশাপাশি মহিলা ক্রিকেটকে জনপ্রিয় করাই এর মূল লক্ষ্য বলে জানান ইসিবি এর প্রধান নির্বাহী টম হ্যারিসন।
