হোয়াইটওয়াশ এড়াতে পারল না বাংলাদেশ




প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খোয়ানো  বাংলাদেশের সামনে আগে থেকেই হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কা ছিল। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে হারের মধ্য দিয়ে সেই শঙ্কাটাই বাস্তবে পরিণত হল বাংলাদেশের।
আজ বৃহস্পতিবার দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ১ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশড হয়ে গেল সাকিব আল হাসানের দল।
জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ৯ রান। প্রথম বলেই স্লগ সুইপ করে রশিদ খানকে উড়াতে চাইলেন মুশফিকুর রহিম। টাইমিং করতে পারলেন না ফিরে গেলেন নাজিবুল্লাহ জাদরানের ক্যাচ হয়ে।
৩৭ বলে ৪৬ রান করে মুশফিকের বিদায়ে ভাঙে তার সঙ্গে মাহমুদউল্লাহর ৮৪ রানের জুটি।
জয়ের জন্য শেষ বলে দরকার ছিল ৪ রান। সেই বলে কোনোমতে আরিফুল হকের বাউন্ডারি ঠেকিয়ে দেন শফিকুল্লাহ। নখ কামড়ানো উত্তেজনার ম্যাচে ১ রানে হেরে যায় বাংলাদেশ।
তিন রান নেওয়ার চেষ্টা করেছিলেন আরিফুল ও মাহমুদউল্লাহ। কিন্তু মাহমুদউল্লাহ রান আউট হয়ে যাওয়ায় ‘টাই’ সম্ভব হয়নি। ৩৮ বলে ৪৫ রান করে ফিরে যান তিনি। আফগানিস্তানের ১৪৫ রান তাড়ায় বাংলাদেশ থামে ১৪৪ রানে।