আফগানিস্তানের সাথে তিনটি ম্যাচেই পরাজয়, মানে হোয়াইটওয়াশ। আরো সুন্দর করে বললে কাবুলিওয়াশ। কাবুলের এক ঝাঁক প্রতিভার কাছে ভূপাতিত হওয়া। আকাশ জুড়ে যে আলোর যেই বিচ্ছুরণ ছিল এতদিন, নিমেষেই যেন মেঘের ঘনঘটা। ভয় জাগায়, হতাশা বাড়ায়। ক্রিকেটের ভবিষ্যৎ চিন্তা করলে শঙ্কা জাগে।
একটি টি-টোয়েন্টি সিরিজেই তো হেরেছে বাংলাদেশ। তাতে এত ভয়ের কি আছে? খেলায় সবার খারাপ দিন যায়। সেই দিন কাটিয়ে ফিরেও আসে। বাংলাদেশও আবার ফিরবে, বাঘের গর্জনে ভয় জাগাবে ক্রিকেট দুনিয়ায়। তবে কিসের এত ভয়? ভয়ের কারণ আছে বৈকি!
আমাদের ক্রিকেটাররা দুর্দান্ত খেলে। দুর্দান্ত কিছু জয় এনে দেয়। গর্বে বুকটা ফুলে উঠে। তাদের নামেই পূরণ হয় ইচ্ছাগুলো। বিষন্ন এ মনে একটু শীতল পরশ বুলিয়ে দেয় সাকিব-তামিম-মুশফিকরা। মাশরাফি-মাহমুদউল্লাহরা বিজয়ের বেশে ফিরে আসে বারবার। তাদের এই বিজয়কে বরণ করে নেওয়া হয়। কোটি কোটি টাকা বোনাস দেওয়া হয়। ফ্ল্যাট বাড়ি উপহার দেওয়া হয় সাফল্যের পুরস্কার হিসেবে। আচ্ছা, বাংলাদেশকে হারানোর জন্য কত কোটি টাকা পুরস্কার দেওয়া হয়েছে আফগানিস্তান ক্রিকেটারদের? বাড়ি, জমি দেওয়া হয়েছে কি?
উত্তরটা হয়ত দিতে পারবে আফগান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। আর কেন এত পুরস্কারে বাংলাদেশ ক্রিকেটারদের মুড়িয়ে দেওয়া হয় সেই উত্তরটাও হয়ত আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের কাছে। আমরা হয়ত দল হিসেবে পরিণত হয়েছি, মানসিকতা কতটুকু পরিণত হয়েছে জানা নেই। তারা খেলোয়াড়। প্রতিটি খেলায় পারিশ্রমিক পান, জিতলে পারিশ্রমিকের পরিমাণ কিঞ্চিৎ বৃদ্ধি পায়। তবে প্রতিটি সিরিজ জয়ের সাফল্যে কেন এত পুরস্কার দিতে হবে? জানি, প্রশ্নের উত্তরটা কেউ দিতে পারবে না। বিসিবি কর্মকর্তারাও কি জানে এর উত্তর?
আমাদের দেশের পাইপলাইন দেখলেও শঙ্কা জাগে। আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হচ্ছে না ঠিক মতো। সাকিব, তামিম, মাশরাফি, মাহমুদুল্লাহ, মুশফিকদের বিদায়ের পর হাল ধরবে কারা? এই পাঁচজন ছাড়া আর কাউকে যে চোখে পড়ে না। কেউ নেই যে নিজেকে প্রমাণ করে আস্থা কুড়াবে। এক দুই ম্যাচ হয়ত অনেকেই ভালো খেলে, কিন্তু ধারাবাহিক হয়ে উঠতে পারে না। সব থেকে বড় সমস্যাটা দলে প্রতিযোগিতার অভাব। সে কারণেই ফর্মহীনতার কারণে কেউ একটি সিরিজে বাদ গেলে, ফর্মে না ফিরেই পরবর্তী সিরিজে দলে সুযোগ পান। আর তাই এদেশের ক্রিকেটের অদূর ভবিষ্যতের ভাবনাটায় অন্ধকারে কালো হয় যায়।
ক্রিকইনফোতে অন্য যে কোন টেস্ট খেলুড়ে দেশের খেলোয়ারদের ঘরোয়া রেকর্ড দেখলে বুঝা যায় তারা কতটা পরিপক্ক হয়ে দলে আসে। আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিয়ার খারাপ হতে পারে, সবাই ফার্স্টক্লাস ক্রিকেট প্রচুর পরিমাণে খেলে। ঘরোয়া ক্রিকেটটা খুব গুরুত্বের সহকারে দেখে তারা, পিচগুলো ঠিকঠাক থাকে, পারিশ্রমিকও কম থাকে না। প্রতিবেশী দেশ ভারতের প্রথম শ্রেণীর ক্রিকেটের ব্র্যান্ড রঞ্জি ট্রফি পুরো ইন্টারন্যাশনাল ম্যাচের মত টিভিতে দেখায়!
আর আমাদের জাতীয় দলে নিয়মিত মুখদের ঘরোয়া রেকর্ডগুলো খুঁজলে আশাহতই হতে হবে। একবার জাতীয় দলে নিয়মিত হয়ে গেলে আর ঘরোয়া ক্রিকেটের দিকে ফিরেও তাকায় না। সৌম্যের সেঞ্চুরি মোটে একটা, সাব্বিরের তিন। আর তারাই ভবিষ্যতে বাংলাদেশ দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিবে। এক লিটন আর মোসাদ্দেক বাদে বর্তমান দলে কারো শেষ কয়েক বছরের প্রথম শ্রেণীর ক্রিকেটে বলার মত পারফরম্যান্স নেই। বোর্ড থেকেও কোন কড়াকড়ি আছে বলে মনে হয় না। সে জন্য আর কোনো মাশরাফি, সাকিব, তামিমরা তৈরি হয়না।
শেষ কয়েক বছরের সাফল্যে সিনিয়ররা যেরকম দায়িত্ব নিয়ে খেলছে, তরুণ ক্রিকেটারদের মধ্যে সে দায়িত্ব নেওয়ার চেষ্টাও দেখা যায় নি। মাঝে এক দুইটা ম্যাচ ভালো খেলেই দায় শেষ করেছে তারা। তার চাপেই হোক, সিনিয়ররা মাঝে মাঝে দায়িত্বের চাপে নুয়ে পড়ে। তাদের টেনে তোলার দায়িত্ব নিতে পারেননা সৌম্য, লিটন কিংবা সাব্বিররা। ফলে এমন এক বিবর্ণ সিরিজে অতীতের সব অর্জনই হারিয়ে যায়।
