আরমান অলিফের ‘অপরাধী’ গানটা খুব জনপ্রিয়তা লাভ করেছে অচিরেই। সেই জনপ্রিয়তায় বাড়তি মাত্রা যোগ করেছে আফগান সিরিজের আগে ড্রেসিং রুমে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়ারগুলোর এই গানে গলা মেলানো। এই সিরিজ শেষ হয়েছে, পুরো বাংলাদেশের জন্য অপরাধী হয়ে দাঁড়িয়েছে আফগান স্পিনাররা। যাদের বোলিংয়ে খুব বাজেভাবে খেলা বাংলাদেশ শেষ পর্যন্ত হয়েছে হোয়াইটওয়াশ।
এ পর্যন্ত ঠিক আছে। খেলায় হারজিত আছে। বাংলাদেশের চেয়ে ভালো খেলেছে বলেই আফগানিস্তান আজ সিরিজ জয় করেছে। বাংলাদেশ দল যেমনই খেলুক, সমর্থকদের কাছে যেন এই পরাজয়ের ভাগিদার একমাত্র সাকিব আল হাসান। সে যে অধিনায়ক, দলের ব্যর্থতার দায় যে তার কাঁধেই বর্তায়। সামাজিক মাধ্যমগুলোতে সাকিবকে নিয়ে আলোচনা সমালোচনায় তিক্ত বিরক্ত হওয়া ছাড়া উপায় নেই।
কাল সেই অপরাধী গানের একটি প্যারোডি ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধমগুলোতে। সেখানে সাকিবকে অপরাধী করে সেই গানের প্রতিটি কথাই প্রমাণ দেয় আপনাদের মন মানসিকতা। লজ্জা লাগে, হতাশ হতে হয়। যেই সাকিব এত বছর ধরে এত কিছু দিলো তাকে এমন এক সিরিজে অপরাধী বানিয়ে দিতে লজ্জা লাগলো না? একটি খেলোয়াড়ের সময় খারাপ যায়। সে আবার ফিরে আসে। বড় বড় সব খেলোয়াড়ের জীবনেই উত্থান পতন ছিল। তারাও ফিরে এসেছে রাজকীয় ভাবে। তবে সাকিবকেই কেন দোষ দিতে হবে? খারাপ সময় পার করা সাকিব তো খারাপ সময়ে আমাদের সমর্থন আশা করতেই পারে।
আচ্ছা সাকিব কি খুব ভুল করেছে? প্রথম ম্যাচে হয়ত ক্যাপ্টেন্সিতে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। কিন্তু পরের দুই ম্যাচ? ১৩৫ রান করেই জিতছিলাম এই সাকিবের কল্যাণেই। গতকাল কি অসাধারণ অধিনায়কত্বই না করলেন। তারপরও ম্যাচ হারার দোষে ওই সাকিবই দোষী। সাকিব ছাড়া কেউ এই দোষের দায় নিতে পারে না?
সাকিব কেন অপরাধী জানেন? চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে যখন সেমিফাইনালের স্বপ্ন ভেঙ্গে যেতে বসেছিল, ওই সাকিবই তখন মাহমুদুল্লাহকে সাথে নিয়ে সেঞ্চুরি করে সেমিফাইনালে বাংলাদেশকে নিয়ে গিয়েছিল। সাকিব অপরাধী কারণ স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার যখন একটু একটু করে জয়ের পথে এগিয়ে যাচ্ছিল, তখন ভোজবাজির মত খেলা পাল্টে দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাসের প্রথম টেস্ট জয়ের নায়ক বনে গিয়েছিলেন। সাকিব অপরাধী বলেই নিউজিল্যান্ডের মাটিতে বুক ফুলিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বি-শতক করে। সাকিবের অপরাধী হওয়ার এমন হাজারটা কারণ দেওয়া যায়।
সাকিবকে আপনার পছন্দ হয় না, আপনি বলেন সাকিব না খেললেই হলো। সাকিব যখন না খেলে আপনারাই হা-হুতাশ করেন। এই সাকিবই প্রমাণ করেছিলেন বাংলাদেশের কেউ বিশ্বসেরা হতে পারে। সাকিব যখন বিশ্বসেরা হয়ে উপরের দিকে অবস্থান করে, তখন তার নামের পাশে বাংলাদেশের পতাকা থাকে। এটিও বোধহয় তার অপরাধ।
মাঝে মাঝে মনে হয়, সাকিব আল হাসান বাংলাদেশে জন্ম না নিলেই ভালো হতো। তাহলে হয়ত প্রাপ্য সম্মানটুকু পেতেন। এমন খেললে অন্য যেকোনো দেশই তাকে মাথায় তুলে রাখত। বরং প্রত্যাশার চাপে পিষ্ট না হয়ে আরেকটু ভালো খেলতেন। শুধু সাকিব কেন? তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, এমনকি মাশরাফিও হয়ত এদেশে জন্ম নিয়ে ভুল করেছেন। তাদের শতাধিক ভালো খেলা আমরা একটু খারাপ খেলায় ভুলে যাই। খারাপ সময়ে তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। কুৎসিত মন মানসিকতায় অপমান করতে উঠতেই উঠে পড়ে লাগি। অথচ কত ভাল আনন্দের মুহূর্ত এসেছে তাদের হাত ধরে। ভুলে যাই আমরা, সব ভুলে যাই।
অনেকদিন আগে এক বড়ভাই বলেছিলেন, তামিম ৫০০ রান করলেও তিনি খুশি হবেন না। কেন ভাই? তামিম যদি ৫০০ করে সেটি তো দলের জন্যই লাভ। আপনি সাকিবকে পছন্দ করেন না, তামিমকে অপছন্দ করেন। তাই বলে তাদের খারাপ চাইতে পারেন? তারা যখন লাল সবুজের জার্সি গায়ে ওই মহান পতাকার প্রতিনিধিত্ব করেন তখন তারা সবাই আমাদের। খারাপ খেললেও আমাদের। তাদের ভালো খেলা প্রতিনিয়ত প্রত্যাশা করা আমাদের কর্তব্য।
তারা ভালো খেললে যেভাবে উৎসব করি, উল্লাস করি। ঠিক তেমন ভাবেই তাদের খারাপ খেলায় আমাদের পাশে থাকাটা জরুরি। আর যদি পাশে না থাকতেই পারেন, তবে এই বাংলাদেশ দলের সমর্থক হওয়ার যোগ্যতা আপনি রাখেন না।
