খিলক্ষেতে বিআরটিসির ডিপোতে আগুন; পুড়ল ১৫টি বাস




ঈদের এক সপ্তাহ আগে রাজধানীর খিলক্ষেতের জোয়ার সাহারায় বিআরটিসির ডিপোতে আগুন লেগে পুড়েছে ১৫টি বাস।
আজ শনিবার প্রথম প্রহরে বিমানবন্দর সড়কের পাশের এই ডিপোতে এই অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকান্ডের কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, গাড়ির ইলেকট্রিক ফাংশন শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।
এ বিষয়ে জোয়ারসাহারা ডিপোর ব্যবস্থাপক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘সম্ভবত রাত একটা থেকে দেড়টার দিকে আগুন লেগেছে। সে সময় আমাদের কর্মীরা রাতের শিফটে কাজ করছিল। আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছিল। তাদের গাড়িও এসেছিল। তবে পানি না থাকায় আগুন নেভানোর কাজ শুরু করতে দেরি হয়। পরে পাশের একটি পাম্প থেকে পানি নিয়ে আগুন নেভানো হয়। আগুনে পোড়া ১৫ টি বাসের মধ্যে আটটি বাস অকেজো। এছাড়া চারটি ডবল ডেকার, দুটি সিঙ্গেল ডেকার এবং একটি মিনিবাস।’
এদিকে উত্তরা ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সফিকুল ইসলাম বলেন, উত্তরা, কুর্মিটোলা ও বারিধার ফায়ার স্টেশনের মোট ৬টি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুনে নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছার কারণে ডিপোতে রক্ষিত অনেকগুলো বাস আগুন থেকে রক্ষা পেয়েছে।”
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে সফিকুল বলেন, “এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে।”