বিশ্বকাপের টুকিটাকি; সবচেয়ে বিতর্কিত ঘটনাগুলো




বিশ্বযুদ্ধের সময়ে বিরতি বাদে ১৯৩০ সাল থেকে প্রতি চার বছর অন্তর অন্তর আয়োজিত হচ্ছে ফুটবল বিশ্বকাপ। আর মাত্র দুইদিন, ১৪ জুন রাশিয়ায় শুরু হচ্ছে ২১তম ফিফা বিশ্বকাপের আসর।
আগের ২০টি বিশ্বকাপের অনেক আসরেই ঘটেছে অবাঞ্চিত, কলঙ্কিত আর  বিতর্কিত কিছু ঘটনা।
চলুন জেনে নেয়া যাক সেই ঘটনাগুলো সম্পর্কে-
ব্যাটল অফ স্যান্টিয়াগো:
বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক ম্যাচের খেতাব পেয়েছে ১৯৬২ বিশ্বকাপের চিলি বনাম ইতালির ম্যাচটি, যেটি ফুটবল বিশ্বে পরিচিতি পেয়েছে ‘ব্যাটল অব সান্তিয়াগো’ নামে।
ঘটনার সূত্রপাত হয় মাঠের বাইরে। ইতালির ২ জন সাংবাদিক চিলিকে বিশ্বকাপ আয়োজন করতে দেওয়া পাগলামি হয়েছে বলে খবর প্রকাশ করলে চিলির জনগণ ফুঁসে উঠে। তারা এতটাই ফুঁসে উঠেছিল যে, ইতালির সাংবাদিক ভেবে আর্জেন্টিনার ১ জন সাংবাদিককে পিটিয়ে আহত করে।
পরবর্তীতে দুই দলের খেলা শুরু হলে ১২ সেকেন্ডের মধ্যেই ইতালির জর্জিও ফেরেনি ফাউল করেন। এরপর থেকে শুরু ৯০ মিনিটের ফুটবল ম্যাচ এক যুদ্ধ। ১২ মিনিটে ফেরেনি আবারও ফাউল করলে তাকে রেফারি কেন অ্যাস্টন মাঠ থেকে বের করে দিতে চাইলেও তিনি যেতে অনিচ্ছুক ছিলেন। পরে পুলিশের সহায়তায় তাকে মাঠ থেকে বের করে দেওয়া হয়। ম্যাচের পরবর্তী সময় জুড়েই চলে ২ দলের খেলোয়াড়দের কিল, ঘুষি, লাথিসহ ধুন্ধুমার সব কান্ড। ম্যাচটি চিলি ১-০ গোলে জিতলেও তাদের বেশ কয়েক খেলোয়াড়কে ম্যাচ শেষে হাসপাতালে ভর্তি করতে হয়।
পরবর্তীতে সেই ম্যাচের রেফারি কেন অ্যাস্টন বলেন, ‘আমি দারুণ ভয় পেয়েছিলাম। মনে হচ্ছিলো, যেন ওরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ফিরে গেছে!
ব্ল্যাক প্যান্থার: 
১৯৬৬ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত হয় বিশ্বকাপ ফুটবল । ‘ফুটবলের জনক’ দেশে অনুষ্ঠিত এই  বিশ্বকাপটি  হয়ে আছে সবচেয়ে  বিতর্কিত একটি  আসর। যা কেবল তুলনা করা যায় ১৯৭৮ সালের  আর্জেন্টিনা বিশ্বকাপের সাথে। ফুটবলের কুলীন ইংলিশরা সেবার শুরু থেকেই মেতে ওঠে বিশ্বকাপ জয়ের নীল-নকশায় আর জন্ম দেয় একের পর এক অবিশ্বাস্য সব  বিতর্কিত ঘটনার। যা নিয়ে এখনও সোচ্চার বিশ্ব-মিডিয়া আর ভুক্তভোগীরা।
১৬ দলের অংশগ্রহণে সেবারের বিশ্বকাপে গ্রুপ-১ এ ছিল স্বাগতিক ইংল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচেই তারা গোলশূন্য ড্র করে উরুগুয়ের বিপক্ষে। পরের দুই ম্যাচে মেক্সিকো আর ফ্রান্সকে হারিয়ে গ্রুপের সেরা হিসেবে কোয়ার্টার ফাইনালে পা রাখে ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ১-০ গোলে হারিয়ে দেয় আর্জেন্টিনাকে।
সেমি ফাইনাল থেকেই মূলত শুরু হয় ইংল্যান্ডের ছল-চাতুরি। সেমিতে ইংল্যান্ডের প্রতিপক্ষ ছিল পর্তুগাল, যারা সেবারেই প্রথম খেলে বিশ্বকাপে। আর একজন ইউসেবিওর জাদুকরি ফুটবলে মুগ্ধ তখন সারা বিশ্ব। ১৯৬৬ সালের আসরটিকে বলা হয়, ‘ব্ল্যাক প্যান্থার’ ইউসেবিওর আসর। আসরে নয় গোল করে সেবারের সেরা গোলদাতা ছিলেন এই পর্তুগিজ। যার মধ্যে  কোয়ার্টার ফাইনালে উত্তর কোরিয়ার বিপক্ষে একাই করেছিলেন চার গোল! সেমির আগেই ইউসেবিওর গোল ছিল সাতটি।
ফলে পর্তুগালের বিপক্ষে ম্যাচের আগে সমগ্র ইংল্যন্ড জুড়ে শ্লোগান ওঠে – ইউসেবিও ঠেকাও! সেই ‘ইউসেবিও-ঠেকাও’ কর্মসূচী ইংলিশরা কার্যকর করেছিল নিপূণভাবে। সেমি ফাইনালের সেই ম্যাচ প্রথমে  হওয়ার কথা ছিল লিভারপুলের গুডিসন পার্ক স্টেডিয়ামে। কিন্তু শেষ মুহূর্তে সেই ম্যাচের  ভেন্যু বদলে নিয়ে  যাওয়া হয় ওয়েম্বলি স্টেডিয়ামে, যা কিনা ইতিহাসে বিরল। কথিত আছে, বিশ্বকাপে অভিষিক্ত দলের কাছে হেরে যাওয়ার ভয়েই এই ভেন্যু বদল।
শেষ মুহূর্তে ভেন্যু বদলের কারণে ম্যাচের কিছুক্ষণ আগে  ট্রেনে চেপে লিভারপুল থেকে লন্ডনে আসতে হয় পর্তুগালকে।  ক্লান্ত পর্তুগাল সেই ম্যাচেও ছিল দুর্দান্ত। শুরু থেকেই ইংল্যান্ডের খেলোয়াড়দের একমাত্র টার্গেট হয়ে দাঁড়ান ইউসেবিও। পুরো ম্যাচে ইউসেবিওকে একের পর এক  ফাউল করে আটকে রাখেন  ইংলিশদের ডিফেন্সিভ মিডফিল্ডার নবি স্টিলস। ম্যাচে তিনি এমন কিছু ফাউল করেন যার জন্য মাঠ থেকে তার বহিস্কার ছিল প্রাপ্য। কিন্তু রেফারি সেগুলো এড়িয়ে যান।
শেষ পর্যন্ত বিশ্বকাপ  ইতিহাসের অন্যতম বিতর্কিত ম্যাচে ২-১ গোলে পর্তুগিজদের হারায় ইংল্যান্ড। ম্যাচের  শেষদিকে  শত প্রতিকুলতার মধ্যেও একটি গোল করেন ইউসেবিও, কিন্তু সেটা তার দলকে ফাইনালে নিতে পারেনি।
ফাইনালে ইংল্যান্ড জন্ম দেয় আরও ন্যাক্কারজনক ঘটনার। বিখাত ওয়েম্বলি স্টেডিয়ামের ফাইনালে ৯৮ হাজার  দর্শকের সামনে ইংল্যান্ডের মুখোমুখি হয় পশিম জার্মানি। নির্ধারিত ৯০ মিনিটে ২-২ গোলে সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১০০ মিনিট পেরোতেই এল বিতর্কিত সেই ক্ষণ। ইংল্যান্ড স্ট্রাইকার জিওফ হার্স্টের শট জার্মান গোলকিপার হ্যানস টিলকোভস্কিকে ফাঁকি দিয়ে বারে লাগল ঠিকই, কিন্তু গোত্তা খাওয়া ঘুড়ির মতো এসে পড়ল…কোথায় পড়ল সেটি নিয়েই বিতর্ক। ইংল্যান্ডের দাবি, গোললাইনের ভেতরে পড়েছে। জার্মানির দাবি পড়েনি।
সেদিন লাইন্সম্যান তোফিক বাহরামভের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে ম্যাচের রেফারি গটফ্রায়েড ডায়েন্সট বাঁশি বাজিয়ে দিয়েছিলেন, ইশারা সেন্টার সার্কেলের দিকে। গোল! ইংল্যান্ড ৩-২ জার্মানি! ওই এক বাঁশিতেই জন্ম হলো বিশ্ব ফুটবলের সবচেয়ে বিতর্কিত গোলটির।
ম্যাচের ১২০ মিনিটেও আরেকটি গোল করেছিলেন জিওফ হার্স্ট, হয়েছিল তার হ্যাট্রিক। যা কিনা বিশ্বকাপ ফাইনালে একমাত্র হ্যাট্রিকের নজির ।
১৯৯৮ সালে মারা যাওয়ার আগ পর্যন্তও ম্যাচের রেফারি ডায়েনস্ট নিশ্চিত ছিলেন না, সেটি গোল হয়েছে কি না। এমনকি জিওফ হার্স্টও তার আত্মজীবনী ১৯৬৬ অ্যান্ড অল দ্যাট-এ বলেছিলেন, হয়তো জার্মানরাই ঠিক ছিল। ১৯৯৬ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় বলা হয়েছে, গোল হওয়া থেকে ৬ সেন্টিমিটার দূরে ছিল বলটা।
যাই হোক, ফুটবল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ঘটনার জন্ম দিয়ে ইংল্যান্ড জিতে নেয় তাদের একমাত্র বিশ্বকাপ, যা নিয়ে হয়ত তারা নিজেরাই স্বস্তি বোধ করে না বিবেকের কাছে । আর সেবারের বিশ্বকাপ নিয়ে পরবর্তীতে  আসামির কাঠগড়ায়  দাঁড়িয়ে তৎকালীন ফিফা সভাপতি জোয়াও হ্যাভেলাঞ্জ । অভিযোগ আছে, তার স্পষ্ট নির্দেশেই সেবার কাপ তুলে দেয়া হয়েছিল ববি চার্লটনদের ইংল্যান্ডের হাতে।
১৯৭৮ সালের আসর:
১৯৭৮ সালের বিশ্বকাপটি অনুষ্ঠিত হয় ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনায় । সেবারেই নিজেদের মাটিতে অনেক ঘটনার জন্ম দিয়ে প্রথমবারের মত বিশ্বকাপ জয় করে নেয় বিশ্বের অন্যতম জনপ্রিয় দল আর্জেন্টিনা। সেবারের আসরটি শুরু থেকেই ছিল দারুণ  বিতর্কিত।  সেই সময়ে আর্জেন্টিনায় চলছিল সামরিক শাসনের একনায়কতন্ত্র ব্যবস্থা।
১৯৭৬ থেকে ১৯৮৩ পর্যন্ত  চারজন সামরিক কর্মকর্তা কার্যত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। জান্তা সরকারের এ শাসন প্রক্রিয়াকে অভিহিত করে ‘ন্যাশনাল রি-অর্গানাইজেশন প্রসেস’ নামে।
মানবাধিকার সংগঠনগুলোর দাবি, সামরিক শাসনের এ আমলে রাজনৈতিক ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে সরকারের ‘ডার্টি ওয়ার’-এ প্রাণ হারায় ৩০ হাজার মানুষ।
টুর্নামেন্ট শুরুর কিছুদিন আগে আয়োজক কমিটির প্রধানকে হত্যা করে সামরিক জান্তা ভিদেলা  সরকার, কারণ খবর পাওয়া গিয়েছিল, তিনি নাকি অতিরিক্ত ব্যয়ের বিরুদ্ধে বক্তব্য দিতে পারেন।
এই অবস্থায় সারা বিশ্বেই সৃষ্টি হয়  আর্জেন্টিনা সম্পর্কে এক নেতিবাচক মনোভাবের, যা থেকে বেরিয়ে আসার জন্য সামরিক সরকার হাতিয়ার বানায় বিশ্বকাপ ফুটবলকে। নিজেদের  দেশের ইমেজ পরিচ্ছন্ন করার নীল-নকশায়  তারা মেতে ওঠে বিশ্বকাপ নিয়ে রহস্যময় খেলায় এবং নিজেদের মাঠে  রেখে দেয় বিশ্বকাপ শিরোপা। এমনকি  অভাব আর হত্যায় ক্ষুব্ধ মানুষের মন জয় করার উপায় পেলেন জান্তা ভিদেলো ফুটবলের মধ্যে। রাস্তায় রাস্তায় ফ্রিতে আর্জেন্টিনার পতাকা দেয়া হলো। মানুষ ফুটবলে ভুলে রইল দেশের আসল অবস্থা।
যার ফলাফল হিসেবে ১৯৭৮ সালের বিশ্বকাপ আসরে আর্জেন্টিনার শিরোপা জয় হয়ে আছে ফুটবল ইতিহাসের সবচেয়ে ‘বিতর্কিত ঘটনা‘ হিসেবে।
সেবার আর্জেন্টিনা গ্রুপ পর্বে খেলে গ্রুপ-ওয়ানে । গ্রুপে তাদের প্রতিপক্ষ ছিল ইতালি, ফ্রান্স আর হাঙ্গেরি। প্রথম দুই ম্যাচে ফ্রান্স আর হাঙ্গেরিকে ২-১ গোলে হারালেও শেষ গ্রুপ ম্যাচে স্বাগতিকরা হেরে যায় ১-০ গোলে ইতালির কাছে। তবে গ্রুপ থেকে রানার্স-আপ হয়ে পরের পর্বে উঠতে তাদের কোন সমস্যা হয়নি।
১৯৭৮ সালের বিশ্বকাপের ফরম্যাট ছিল একটু আলাদা। সেবার কোন নক-আউ পর্ব ছিল না। বরং প্রথম পর্বের  চার গ্রুপের সেরা আট দল নিয়ে আবারও করা হয় দুইটি গ্রুপ, যেখান থেকে দুই গ্রুপের  দুই শীর্ষ দল খেলে ফাইনালে।
দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা , ব্রাজিল , পোল্যান্ড আর পেরু ছিল এক গ্রুপে । গোল বাঁধে পেরুর বিপক্ষে আর্জেন্টিনার শেষ ম্যাচ নিয়ে। কারণ  গ্রুপে তিন ম্যাচের দুটিতে জিতে আর একটিতে ড্র করে ব্রাজিল অপেক্ষা করছিল ফাইনাল খেলার। অন্যদিকে আর্জেন্টিনাকে ফাইনালে খেলতে হলে পেরুকে হারাতে হত ছয় গোলে। কারণ প্রথম দুই ম্যাচে একটি জয় আর একটি ড্র নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে ছিল আর্জেন্টিনা।
ব্রাজিল শেষ ম্যাচ খেলে পোল্যান্ডের বিপক্ষে। আর আর্জেন্টিনা পেরুর বিপক্ষে। খেলা দুটি শুরু হবার কথা ছিল একই সময়ে। কিন্তু ব্রাজিলের ম্যাচের ফলাফল জেনে মাঠে নামতে আর্জেন্টিনা দেরি করে এক ঘণ্টা। এই সময়েই তারা ম্যাচ পাতিয়ে ফেলে পেরুর  বিপক্ষে। পেরুর জালে গুণে গুণে বল পাঠায় ছয়বার  প্রতিরোধহীন পেরুর ০-৬ গোলে হেরে যাওয়া নিয়ে শুরু হয় বিতর্ক। যে বিতর্ক এখনও চলছে। কিন্তু তাতে কি, পেরুর বিপক্ষে স্থুল কারচুপির ম্যাচে প্রয়োজনীয় জয় নিয়ে আর্জেন্টিনা ঠিক উঠে যায় ফাইনালে। পরে জয় করে নিজেদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ।
আর্জেন্টিনা আর পেরুর সেই ম্যাচ বিশ্বকাপ ইতিহাসের অন্যতম  কালিমাময় ম্যাচ হয়ে আছে আজও। যা স্থান পেয়েছে বিশ্বকাপের সবচেয়ে বিতর্কিত ঘটনার তালিকায় । সেই ম্যাচের প্রধান আসামির কাঠগড়ায় এখনও অভিযুক্ত পেরুর গোলকিপার র‍্যামন কুইগোরা, যিনি ছিলেন জন্মসূত্রে একজন আর্জেন্টাইন। সেই ম্যাচে তার হজম করা কমপক্ষে চারটি গোল ছিল রহস্যময়।
পরবর্তীতে পেরুর সাবেক সংসদ সদস্য জেনারো  লেদেসমা স্বীকারোক্তি দেন, ১৯৭৮ সালের পেরু আর আর্জেন্টিনা ম্যাচটি আসলেই পাতানো ছিল। আর ম্যাচটি পাতানোর সিদ্ধান্ত হয় সেই সময়ে দুই দেশের ক্ষমতাসীন স্বৈরশাসকদের মধ্যে!
লেদেসেমা জানান, সেই সময় আর্জেন্টিনায় বন্দী ১৩ পেরুভিয়ান নাগরিকের মুক্তির  শর্ত হিসেবে ম্যাচ ছেড়ে দিয়েছিল তারা।  ম্যাচ ছেড়ে দেওয়ার প্রস্তাবটি দিয়েছিলেন আর্জেন্টিনার  তৎকালীন সেনাপ্রধান জর্জ রাফায়েল ভিদেলা।
লেদসেমা তখন ছিলেন পেরুর পার্লামেন্টে বিরোধী দলের সদস্য। তিনি বলেন, আর্জেন্টিনা সেই সময় সারা বিশ্বে নিজেদের বাজে  ইমেজ পরিবর্তন করার জন্য যে কোন মূল্যে জিততে চেয়েছিল বিশ্বকাপ ফুটবল। আমরাও সেই সময় সমস্যায় ছিলাম। ফলে আমাদের মেনে নিতে হয়েছে ম্যাচ ছেড়ে দেওয়ার প্রস্তাব!
যাই হোক, বিতর্কের জন্ম দিয়ে ফাইনালে উঠে আসা আর্জেন্টিনা ফাইনালেও দেখায় নাটক। সেবার ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল তখনকার বিশ্বসেরা হল্যান্ড। আগেরবার জার্মানির কাছে ফাইনালে হারা হল্যান্ড টানা দ্বিতীয়বারের মত ফাইনাল খেলতে নামে বুয়েন্স আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে। যদিও আর্জেন্টিনায় সামরিক শাসনের প্রতিবাদে সেবার বিশ্বকাপ খেলতে আসেনি হল্যান্ডের সর্বকালের সেরা তারকা  ইওহান ক্রুয়েফসহ অনেকেই, কিন্তু তা স্বত্বেও হল্যান্ড ছিল বিশ্বের সেরা দল ।
ফাইনালে হল্যান্ড দলকে স্টেডিয়ামে আনা হয় অনেক বেশী পথ ঘুরিয়ে। মাঠে যখন হল্যান্ড দলকে আনা হয়, তখনও আর্জেন্টিনা দল ড্রেসিংরুমে। কেন এটা করা হয়েছিল? লাতিন ফ্যানরা অন্যান্য যেকোনো জায়গার থেকেই বেশী ফুটবলাবেগময়, তাই স্টেডিয়ামও থাকে বেশী শোরগোলময়। বুয়েন্স আয়ারসের ৭০,০০০ সমর্থকের সামনে হল্যান্ড দলকে ছেড়ে দেয়া হয়েছিল কেবল দুয়ো খাওয়ার জন্য। ৭০,০০০ দর্শক হুইসেল ফুঁকিয়ে, সিটি বাজিয়ে হল্যান্ড দলকে দুয়ো দিতে লাগলো।
এক হল্যান্ড প্লেয়ারের ভাষায় যে অভিজ্ঞতাটা ছিল এমন, “তখন ৫টি জেট প্লেন উড়ে গেলেও আমরা টের পেতাম না।” মানসিকভাবে বেশ ধাক্কা খাওয়া হল্যান্ড দল নামে ফাইনালে। ম্যাচে যখন ১-১ সমতা, হল্যান্ড স্ট্রাইকারের একটি শট তখন বারে লাগে। ম্যাচ শেষ হওয়ার আর সেকেন্ড বিশেক বাকি। ফাইনালটি নিজেদের মাঠে ৩-১ গোলে জিতে নেয় আর্জেন্টিনা!
এসব অভিযোগ যে একেবারে ভুল না, সেটা জানা যায় বিশ্বের যে কোন সংবাদ-মাধ্যমের ১৯৭৮ সালের বিশ্বকাপের খবর জানার চেষ্টা করলেই। এমনকি ১৯৭৮ সালে আর্জেন্টিনা দলের হয়ে বিশ্বকাপ জেতা ফরোয়ার্ড লিওপোলডো লুকে পরবর্তী এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমার এখন নিজেকে অপরাধি মনে হয়। আমার মনে হয় ১৯৭৮ সালের বিশ্বকাপে খেলাটা ঠিক হয় নি। এটা নিয়ে আমি গর্ব করার মত কিছু পাই না! বরং আমি যদি ১৯৮৬ সালের বিশ্বকাপ জেতা আর্জেন্টিনা দলের সদস্য হতাম, তাহলে আমি আমার অর্জন নিয়ে আজীবন গর্ব করতাম!‘
তবে সে যাই হোক আর যেভাবেই হোক, ১৯৭৮ সালে ড্যানিয়েল প্যাসেরেল্লার নেতৃত্বে মারিও ক্যাম্পসরা প্রথম বিশ্বকাপ জিতিয়েছিল আর্জেন্টিনাকে যা কিনা  প্রস্তত করেছিল তাদের ১৯৮৬ সালের জয়ের এতে কোন সন্দেহ নেই। কারণ সেই বিশ্বকাপ জয়ের পরেই ফুটবল নিয়ে আরও উন্মাদনায় মেতে ওঠা আর্জেন্টাইন জাতি পরবর্তীতে পেয়েছিল একজন দিয়াগো ম্যারাডোনা , যিনি সত্যিকার অর্থেই আর্জেন্টিনার ফুটবল ইতিহাস লিখেছিলেন নতুন করে।
তবে তার আগে ১৯৮২ সালের স্পেন বিশ্বকাপে শিরোপাধারী দল আর্জেন্টিনাকে বিদায় নিতে হয় দ্বিতীয় গ্রুপ পর্ব থেকেই ।
আঘতে পেয়ে কোমায়:
১৯৮২ বিশ্বকাপে সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ফ্রান্স এবং পশ্চিম জার্মানি। দ্বিতীয়ার্ধে ফ্রেঞ্চ ডিফেন্ডার প্যাট্রিক বাত্তিস্তন বল নিয়ে পেনাল্টি বক্সে ঢুকে পড়েন।
তাকে আটকানোর জন্য এগিয়ে আসেন জার্মান গোলরক্ষক হ্যারল্ড শুমাখার । প্যাট্রিক বাত্তিস্তন যখন বলে শট নিতে যাবেন তখন শুমাখার  এসে তাকে সজোরে আঘাত করেন। বাত্তিস্তন অজ্ঞান হয়ে পড়েন এবং তার ৩টি দাঁত ভেঙে যায়। মাথায় প্রচন্ড আঘাতের কারণে তিনি পরবর্তীতে কোমায় চলে যান।
কিন্তু আশ্চর্যজনকভাবে রেফারি এই ঘটনায় কোনো ফাউলের নির্দেশ দেননি। ম্যাচটিতে পশ্চিম জার্মানি জয় পায় এবং ফাইনালে উঠে যায়।
হ্যান্ড অফ গড:
১৯৮৬ সালের বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। সেবারে মেক্সিকোয় আয়োজিত বিশ্বকাপকে অনেক কারণেই বলা হয় ইতিহাসের সেরা আসর। কারণ একই বিশ্বকাপে এত বড় বড় স্টার খুব কম আসরেই দেখা গেছে। সেবার অনেকটা একক প্রচেষ্টায় দিয়াগো ম্যারাডোনা আর্জেন্টিনাকে দ্বিতীয়বারের মত বিশ্বকাপ এনে দিয়ে হয়ে যান সর্বকালের সেরা মহানায়ক।  যদিও এই ম্যারাডোনাই সেবারের বিশ্বকাপে জন্ম দিয়েছিলেন এক বিতর্কিত ঘটনা, যা নিয়ে এখনও উত্তাল সমালোচকরা।
সেবারের কোয়ার্টার ফাইনালে ম্যারাডোনার দুই গোলে আর্জেন্টিনা হারায় ইংল্যান্ডকে। ম্যাচে  তার করা দ্বিতীয় গোলটি বিশ্বকাপের ইতিহাসে সেরা গোল বলে বিবেচিত। কিন্তু সেই ম্যাচেই করা ‘আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর‘ ম্যারাডোনার প্রথম গোল নিয়ে আছে তীব্র সমালোচনা।
ফকল্যান্ড যুদ্ধের ক্ষত থাকতেই ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ফকল্যান্ডের যুদ্ধে সাড়ে ছয় শ’রও বেশি আর্জেন্টাইন নিহত হওয়ায় যেভাবেই হোক জেতার পণ করেই মাঠে নেমেছিল আর্জেন্টিনা। ম্যাচের ৫১ মিনিটে ইংল্যান্ডের ডি বক্সে মিডফিল্ডার স্টিভ হজের ভুল ক্লিয়ারেন্সে বল চলে আসে ডিয়েগো ম্যারাডোনা ও ইংলিশ গোলরক্ষক পিটার শিলটনের মাথার ওপরে। ম্যারাডোনা দেখলেন তাঁর চেয়ে লম্বা শিলটনকে হারানো যাবে না হেড করার লড়াইয়ে। তাই তিনি মুহূর্তের মধ্যেই হেড না করে বাম হাত দিয়ে বলটা ঠেলে দিলেন গোলপোস্টের দিকে। স্তব্ধ শিলটন দেখলেন হাত দিয়ে স্পর্শ করা বল গোলপোস্টে ঢুকে গেল। ইংলিশ খেলোয়াড়দের প্রতিবাদে কাজ হয়নি। রেফারি অনড় থাকেন তার সিদ্ধান্তে।
পরে ম্যারাডোনাকে এই গোল সম্বন্ধে জিজ্ঞেস করা হলে তিনি বলেন ‘হ্যান্ড অব গড’ অর্থাৎ ‘ঈশ্বরের হাত’ দিয়েই নাকি তিনি গোলটি করেছিলেন।
১৯৯০ সালের বিতর্কিত ফাইনাল:
১৯৯০ বিশ্বকাপের ফাইনাল অনেকের কাছেই ইতিহাসের সবচেয়ে বিরক্তিকর ফাইনাল হিসেবে পরিচিত। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ১৯৭৪ সালের পর বিশ্বকাপ জেতে জার্মানি।
সে ম্যাচে মেক্সিকোর রেফারি এডগার্ডো কোডেসাল মেন্ডেজ তাঁর কিছু সিদ্ধান্ত দিয়ে বিতর্কিত হয়েছিলেন। তাঁর দেওয়া বিতর্কিত পেনাল্টিই সেবার বিশ্বকাপ জিতিয়েছিল জার্মানিকে। ইয়ুর্গেন ক্লিন্সম্যান সে ম্যাচে যেভাবে পেনাল্টি আদায় করেছিলেন, সেটি নিয়েও বিতর্ক আছে। আর্জেন্টিনাকে একটা ন্যায্য পেনাল্টি থেকেও বঞ্চিত করেন কোডেসাল। আর্জেন্টিনার দুই খেলোয়াড় পেদ্রো মনজন আর গুস্তাভো দেজোত্তিকে লালকার্ড দেখান।
ম্যাচ শেষে ম্যারাডোনার কান্না বিশ্বকাপ ইতিহাসেরই অংশ হয়ে আছে।
দক্ষিণ কোরিয়ার প্রতি পক্ষপাতিত্ব:
২০০২ সালের বিশ্বকাপে জাপানের সাথে সহআয়োজক ছিল দক্ষিণ কোরিয়াও। দ্বিতীয় রাউন্ডে দক্ষিণ কোরিয়া মুখোমুখি হয় ইতালির বিপক্ষে। সেই ম্যাচে ইকুয়েডরের রেফারি বায়রন মরেনো বেশকিছু ন্যাক্কারজনক ঘটনার জন্ম দেন। ড্রাইভ দেওয়ার অপরাধে ইতালির ফ্রান্সিসকো টট্টিকে মরেনো দ্বিতীয় হলুদ কার্ড দিয়ে মাঠের বাইরে পাঠান কিন্তু পরবর্তীতে রিপ্লেতে দেখা যায় টট্টিকে ফাউল করা হয়েছিল।
এরপর অতিরিক্ত সময়ে ইতালির ১টি গোল অফসাইডের কারণে বাতিল করে দেন, যদিও সেটি অফসাইড ছিল না। দক্ষিণ কোরিয়া অতিরিক্ত সময়ে ২-১ গোলের জয় তুলে নিলেও রেফারি বায়রন মেরেনোর বিরুদ্ধে অনেকে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তুলেছিলেন।
একই খেলায় এক খেলোয়াড়কে তিন হলুদ কার্ড:
২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া এবং ক্রোয়েশিয়ার ম্যাচে রেফারি ছিলেন গ্রাহাম পল। কিন্তু তিনি সেই ম্যাচে জন্ম দেন বিতর্কিত এক ঘটনার। রেফারি হিসেবে তিনি হলুদ কার্ডের হিসাব সঠিকভাবে রাখতে পারেননি। ক্রোয়েশিয়ার খেলোয়াড় জোসেফ  সিমুনিচকে তিনি পরপর ২ বার কার্ড দেখালেও তিনি তাকে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠাননি। কারণ তিনি সিমুনিচের  প্রথমবার পাওয়া হলুদ কার্ডটি ভুলক্রমে ১ জন অস্ট্রেলিয়ান খেলোয়াড়ের নামে লিপিবদ্ধ করেন।
পরবর্তী ম্যাচে রেফারির মতের বিরোধীতা করার কারণে জসিপ সিমুনিককে তৃতীয়বারের মতো রেফারি গ্রাহাম পুল হলুদ কার্ড দিয়ে মাঠ ছাড়া করেন।
ম্যাচটি ২-২ গোলে ড্র হয় কিন্তু  রেফারি গ্রাহাম পল  পরবর্তী বিশ্বকাপের আর কোনো ম্যাচ পরিচালনা করতে পারেননি।
জিদানের ঢুঁ:
বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড় বলে মনে করা হয় জিনেদিন জিদানকে।  এই  প্লে-মেকারের হাত ধরেই ১৯৯৮ সালে  ফ্রান্স জেতে তাদের প্রথম বিশ্বকাপ । জিদানের অসাধারণ পারফর্মেন্সের উপর ভর করে ফ্রান্স পৌঁছে গিয়েছিল ২০০৬ সালের বিশ্বকাপ জয়ের একেবারে কাছাকাছি। কিন্তু সেবারের ফাইনালেই জিদান ঘটিয়ে বসেন বিশ্বকাপে অন্যতম কলঙ্কিত এক ঘটনা, যা শুধু জিদানকেই  সমালোচিত করেনি বরং ফ্রান্সকে বঞ্চিত করেছে দ্বিতীয় বিশ্বকাপটি জয় থেকে।
২০০৬ সালের ফাইনালে ইতালির মুখোমুখি হয়েছিল জিদানের ফ্রান্স। সেই ফাইনালের শেষ দিকে প্রতিপক্ষের মাতারাজ্জিকে মাথা দিয়ে আঘাত করে লাল কার্ড দেখেন ফ্রান্সের সেরা খেলোয়াড় জিদান। মূলত সেখানেই হেরে যায় ফ্রান্স। অথচ সেই ফাইনালে ইতালির বিপক্ষে নির্ধারিত সময়ে গোল করেছিলেন জিদান।
পরবর্তীতে জিদান জানান, মাতেরাজ্জি তার মা-বোনকে উদ্দেশ্য গালি দেওয়ার কারণেই তিনি ঢুঁ মারেন।
ল্যাম্পার্ডের না হওয়া সেই গোল:
২০১০ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে জার্মানির বিপক্ষে ম্যাচে লাইন্সম্যানের ভুলে বাতিল হয়ে যায় ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের একটি নিশ্চিত গোল। ম্যাচে ৩২ মিনিটের মধ্যে লুকাস পোডলস্কি আর মিরোস্লাভ ক্লোসার গোলে জার্মানরা ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর ৩৭ মিনিটে একটি গোল শোধ করেন ইংল্যান্ডের ম্যাথিউ আপসন।
তার ঠিক দুই মিনিট পরে ল্যাম্পার্ডের এক জোরালো শটে গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে পরাস্ত হলেও তা ক্রসবারে লেগে গোললাইনের বেশ ভেতরে পরে। ইংলিশ দল গোল হয়েছে বলে উল্লাস শুরু করলেও উরুগুয়ের রেফারি তা বাতিল করে দেন। সেই গোলটি হয়ে গেলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত বলেই বিশ্বাস অনেক ইংলিশ সমর্থকের। ওই ঘটনার পর জার্মানি আরও ২ গোল করে ম্যাচটা জেতে ৪-১ গোলে।
আরও পড়ুন;

বিশ্বকাপের ৩২ দল ও তাদের স্লোগান

আরো একটি সোনালী প্রজন্ম পাচ্ছে ব্রাজিল?

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আর্জেন্টিনার বিশ্ব জয়ের স্বপ্ন

রিয়াল মাদ্রিদের রাজত্বে জায়গা নেই কারো

তারা চলে যায়, রেখে যায় স্মৃতি!