নেইমার স্বাভাবিক ফর্মে নেই: তিতে




সার্বিয়ার বিপক্ষে ড্র করলেই নকআউট পর্বে পৌঁছে যাবে ব্রাজিল। জিতলে থাকবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা। তবে হেরে গেল সুইজারল্যান্ড-কোস্টারিকা ম্যাচের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে। স্বভাবতই দলের সেরা তারকা নেইমারের দিকেই সমর্থকদের আশার পাল্লা ভারি।
তবে ব্রাজিলের কোচ তিতে নেইমারের কাঁধে “দলের পুরো দায়িত্ব” চাপিয়ে না দিতে অনুরোধ করেছেন ব্রাজিল সমর্থকদের কাছে।
পায়ের ইনজুরিতে প্রায় তিনমাস মাঠের বাইরে থেকে সম্প্রতি খেলায় ফিরেছেন নেইমার।
তবে ব্রাজিলের প্রথম দুই বিশ্বকাপ ম্যাচের পারফরমেন্সের জন্য দারুণ সমালোচনার মুখে পড়তে হয়েছে পারি সাঁ জার্মেইয়ের ফরোয়ার্ডকে।
এ বিষয়ে কোচ তিতে বলেন, “তিনি সহজাত প্রতিভাসম্পন্ন একজন খেলোয়াড়। কিন্তু এবার নিজের মান অনুযায়ী খেলতে পারছেন না বলেই এভাবে খেলছেন তিনি। চোট কাটিয়ে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি তিনি।”
তিতে বলেন, “হয়তো পরের ম্যাচে নেইমার তাঁর সর্বোচ্চ পর্যায়ের খেলাটা খেলতে পারবেন। কিন্তু দলের পুরো দায়িত্ব তাঁর ওপর চাপিয়ে দেয়া উচিৎ হবে না।”
২০১৪ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়েন নেইমার। ইনজুরির কারণে খেলতে পারেননি ঐ বিশ্বকাপের সেমিফাইনাল, যে ম্যাচে ব্রাজিল জার্মানির কাছে ৭-১ গোলে ধরাশায়ী হয়।
এবারের আসরে কোস্টারিকার বিপক্ষ জয়ের পর মাঠেই কান্নায় ভেঙে পড়েন তিনি। তাঁর কান্না নিয়েও নানাধরণের সমালোচনার সৃষ্টি হয়েছে।
তিতে বলেন, “অনেক সময় মাঠে ঠান্ডা মাথায়, অনেক কিছু চিন্তা ভাবনা করে আচরণ করতে হয়।”
“খেলোয়াড়রা কতটা চাপের মধ্যে থাকেন এবং তাদের মধ্যে কতটা আবেগ কাজ করে তা সম্পর্কে আমরা জানি। আবেগের সাথে যুক্তির সমন্বয় করে মাঠে খেলা চালিয়ে যেতে হয়। কিন্তু অতিরিক্ত আবেগ থাকা মানেই যে সেই খেলোয়াড় ভারসাম্যহীন – এই বিশ্বাস একেবারেই ঠিক নয়।”
গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে ব্রাজিল খেলবে সার্বিয়ার বিপক্ষে। গ্রুপের আরেক ম্যাচে সুইজারল্যান্ডের প্রতিপক্ষ কোস্টারিকা।