ইউজিসির সিদ্ধান্ত না মানায় সিটি ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা



ইউজিসির সিদ্ধান্ত না মানায় সিটি ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা

আইন বিভাগে ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করায় সিটি ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন আপিল বিভাগ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিদ্ধান্ত না মেনে শিক্ষার্থী ভর্তি করায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সিটি ইউনিভার্সিটিকে করা জরিমানার অর্থ বাংলাদেশ বার কাউন্সিলে জমা দিতে বলা হয়েছে।

আজ বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতে শিক্ষার্থীদের পক্ষ ছিলেন আইনজীবী এ এম আমিন উদ্দিন। বার কাউন্সিলের পক্ষ ছিলেন এ ওয়াই মশিউজ্জামান ও রবিউল হাসান।

আপিল বিভাগ আদেশে বলেছেন, জরিমানার অর্থ কোনোভাবেই শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া যাবে না। বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে এই অর্থ দিতে হবে।

বার কাউন্সিলের পরীক্ষায় অংশ নিতে সিটি ইউনিভার্সিটির ২৫ শিক্ষার্থী হাইকোর্টে রিট করেন। গত ২৪ অক্টোবর হাইকোর্ট রুল দেন। একই সঙ্গে ২৫ শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন কার্ড প্রদান ও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দেন।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বার কাউন্সিল আপিল বিভাগে আবেদন করে। বার কাউন্সিলের আবেদনটি গতকাল মঙ্গলবার শুনানির জন্য আপিল বিভাগে ওঠে।