উচ্চমাধ্যমিকের ভর্তিতে পরিবর্তন আসছে



উচ্চমাধ্যমিকের ভর্তিতে পরিবর্তন আসছে

দেশের উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আসছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) আন্তঃশিক্ষা সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে একটি খসড়া নীতিমালা প্রণয়ন করা হয়েছে। যা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও এ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন মহোদয়ের উপস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পক্ষ থেকে আয়োজিত এক সভায় একাদশ শ্রেণির খসড়া নীতিমালা-২০২০ তুলে ধরা হয়।

খসড়া নীতিমালায় দেখা গেছে, এ বছর একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা, প্রবাসী ও বিকেএসপি কোটা বহাল রেখে অন্যান্য কোটা বাতিল করা হয়েছে। ভর্তি প্রক্রিয়ায় জটিলতা ও ব্যয় কমাতে এসএমএসের মাধ্যমে আবেদন প্রক্রিয়া বাতিল করে শুধুমাত্র অনলাইনে আবেদন করার প্রস্তাব করা হয়েছে। ভর্তি নিশ্চয়ন ফি ১৩০ টাকার বদলে ১৩৫ টাকা নির্ধারণ করতে প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ চূড়ান্ত তালিকায় নাম আসলে একজন শিক্ষার্থীকে এ পরিমাণ টাকা দিতে হবে।

জানা গেছে, সভায় আন্তঃশিক্ষা সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে ভর্তির এ নীতিমালা তুলে ধরা হয়েছে। পাশাপাশি যে সকল পরিবর্তনের প্রস্তাব দেয়া হয়েছে তার যৌক্তিকতাও তুলে ধরেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক। আগামী এক সপ্তাহের মধ্যে খসড়া নীতিমালা চূড়ান্ত করা হবে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

নীতিমালায় দেখা গেছে, এবারও অনলাইনে ১০টি কলেজ বা মাদরাসায় আবেদন করার সুযোগ রাখা হয়েছে। এর জন্য নেয়া হবে ১৫০ টাকা। ফলে মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস করে ভর্তির জন্য আবেদন আর করা যাবে না। আগে মোবাইলে এসএমএসের মাধ্যমে প্রতিটি আবেদনের জন্য ১২০ টাকা ফি নেয়া হতো।

শতভাগ মেধা কোটা ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের বিশেষ কোটা হিসেবে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা, বিকেএসপি ০.৫ এবং প্রবাসী ০.৫ শতাংশ কোটা বহাল রেখে বিভাগীয় ও জেলা সদর, শিক্ষা মন্ত্রণালয়ের অধস্তন দফতরসমূহের কোটা বাতিল করা হয়েছে।

নীতিমালায় কোটা বাতিল, রেজিস্ট্রেশন ফি বৃদ্ধি, এসএমএস আবেদন বাতিলসহ গুরুত্বপূর্ণ চারটি পরিবর্তন আনা হয়েছে। ভর্তি আবেদন ১০ মে শুরু হয়ে ২৫ জুন শেষ করার প্রস্তাব করেছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড।