আজ ২৯ আগস্ট ২০১৭ খ্রিস্টাব্দ মঙ্গলবার। ১৪ ভাদ্র ১৪২৪ বঙ্গাব্দ। ৬ জিলহজ ১৪৩৮ হিজরি।
যা ঘটেছিল:
১৮২৫ সালের এই দিনে পর্তুগাল ব্রাজিলের স্বাধীনতা স্বীকার করে নেয়।
১৮৩১ সালের এই দিনে মাইকেল ফ্যারাডে তড়িৎচুম্বকীয় আবেশ আবিষ্কার করেন।
আজ যারা জন্মেছিলেন:
জন লক ইংরেজ দার্শনিক, অর্থনীতিবিদ আলোকিত যুগের অন্যতম চিন্তাবিদ, এবং রাজনৈতিক ভাষ্যকার। তিনি ১৬৩২ সালের ২৯ আগস্ট জন্মগ্রহণ করেন। জ্ঞানতত্ত্বের আলোচনায় পদ্ধতিগত দিক থেকে নতুনভাবে অভিজ্ঞতাবাদের প্রয়োগ করেছেন এবং বস্তুবাদী দার্শনিক চিন্তাধারাতে মৌলিক প্রশ্ন উত্থাপন করেছেন। তার লেখনী যেমন আধুনিক রাজনৈতিক দর্শনের আকর গ্রন্থসমূহ রূপে বিবেচিত, তৎকালীন রাজনৈতিক পালাবদলের একজন সক্রিয় কর্মী হিসাবে নাগরিক অধিকার ও বুর্জোয়া শ্রেণীর ক্রমবিকাশে তেমনি রয়েছে তার প্রত্যক্ষ অবদান। পুরুষতান্ত্রিক সামাজিক কাঠামোতে নারীর অবস্থান ও ভূমিকা বিষয়ে লকের মতামত ছিল আধুনিক নারীবাদী চিন্তার অনুকূল, এবং পরবর্তীকালের অসংখ্য দার্শনিক ও রাষ্ট্রচিন্তাবিদের উপর রয়েছে তার আসামান্য প্রভাব।
মাইকেল জোসেফ জ্যাকসন একজন মার্কিন সঙ্গীতশিল্পী, নৃত্যশিল্পী, গান লেখক,অভিনেতা, সমাজসেবক এবং ব্যবসায়ী । তিনি ১৯৫৮ সালের এই দিনে জন্মগ্রহণ করেন। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বহুল বিক্রিত এলবামের সঙ্গীত শিল্পীদের তিনি অন্যতম।জ্যাকসন পরিবারের ৮ম সন্তান মাইকেল মাত্র ৫ বছর বয়সে ১৯৬৩ সালে পেশাদার সঙ্গীত শিল্পী হিসাবে আত্মপ্রকাশ করেন। তিনি তখন জ্যাকসন ফাইভ নামের সঙ্গীত গোষ্ঠীর সদস্য হিসাবে গান গাইতেন। ১৯৭১ সাল থেকে মাইকেল একক শিল্পী হিসাবে গান গাইতে শুরু করেন। মাইকেলের গাওয়া ৫টি সঙ্গীত অ্যালবাম বিশ্বের সর্বাধিক বিক্রিত রেকর্ডের মধ্যে রয়েছে – অফ দ্য ওয়াল (১৯৭৯), থ্রিলার (১৯৮২), ব্যাড (১৯৮৭), ডেঞ্জারাস (১৯৯১) এবং হিস্টরি (১৯৯৫)। তাকে পপ সঙ্গীতের রাজা (King of Pop) হিসেবে আখ্যায়িত করা হয় অথবা, সংক্ষেপে তাঁকে এমজে নামে অভিহিত করা হয়। সঙ্গীত, নৃত্য এবং ফ্যাশন জগতসহ ব্যক্তিগত জীবনের বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে চার দশকেরও অধিককাল ধরে সাংস্কৃতিক অঙ্গনে বৈশ্বিক ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত হয়ে আছেন।
আজ যাদের হারিয়েছি:
জিন ওয়াইল্ডার, আমেরিকান স্টেজ এবং স্ক্রিন কমিক অভিনেতা, চিত্রনাট্যকার, চলচ্চিত্র পরিচালক এবং লেখক। তিনি ২০১৬ সালের ২৯ আগস্ট মৃত্যুবরণ করেন।
সের্গেই ওভচিনিকভ ছিলেন রাশিয়ান ভলিবল খেলোয়াড় এবং কোচ। তিনি ২০১২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন।
