যেভাবে রচিত অস্ট্রেলিয়া বধের কাব্য




শেষ ব্যাটসম্যান হেজেলউড তখন টিকে থাকার লড়াই করছে। কিছুক্ষণ আগে প্যাট কামিন্সের জোড়া ছয় ভয় জাগিয়ে তুলল। শেষে তাইজুলের বলে বল যখন হেজেলউডের প্যাডে আঘাত হানে, সবার জোরালো আবেদনে আম্পায়ারের আঙ্গুল উঠতে সময় নেয় নি। ততক্ষণে উৎসবের উপলক্ষ্য পেয়ে গেছে বাংলাদেশ। জয়ের আনন্দ ছড়িয়ে গেছে খেলোয়াড় থেকে দর্শককূলে। বাংলা গড়েছে ইতিহাস, অস্ট্রেলিয়াকে প্রথমবার হারিয়ে প্রমান করেছে নিজেদের সামর্থ্যের। বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের চতুর্থ দিনেই ২০ রানে জিতেছে স্বাগতিকরা।
এই আনন্দ উল্লাসের পথটা এতটাও মসৃন ছিল না। ২০০৬ সালের ফতুল্লা হওয়ার শঙ্কা ছিল। সেবার রিকি পন্টিংয়ের অপরাজিত ১১৮ রানে স্বপ্নভঙ্গ হয়েছিল হাবিবুল বাশারের দলের। ১১ বছর পর মুশফিকবাহিনী সেই পথ ধরে নি। সাকিব জাদুতে জিতেছে বাংলাদেশ। যেখানে নতুনের আরো একটি অধ্যায় শুরু বাংলাদেশের ক্রিকেটে।
চতুর্থ দিনে ১০৯ রানের পর থেকে শুরু করে একটু একটু করে দলকে শক্ত অবস্থানে নিয়ে যাচ্ছিল ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ। ওয়ার্নার ক্যারিয়ারের ১৯ তম শতক গড়ে বাংলাদেশের জয়ের সম্ভাবনা মলিন করে দিতে থাকে।
সফরকারীদের অধিনায়ক-সহ অধিনায়কের ১৩০ রানের জুটি ভেঙে দৃশ্যপটে সাকিব আল হাসান। ১১২ রানে ওয়ার্নারকে লেগ বিফরের ফাঁদে ফেলে গুরুত্বপূর্ণ জুটি ভাঙেন এক নম্বর অলরাউন্ডার। এরপর ৩৩ রানে সাকিবের বলে মুশফিককে ক্যাচ দিয়ে ফিরেন অধিনায়ক স্মিথ। সাকিবের বলে ৪ রান করে আরো ফিরেন ম্যাথিউ ওয়েড। তাইজুল ফেরান পিটার হইন্ডসকম্ব ও এস্টন এগার কে। লাঞ্চ বিরতির আগেই ১৯৯ রানে ৬ উইকেট হারায় সফরকারীরা।
লাঞ্চ বিরতির পরে প্রথম বলে আবার সাকিব ভেলকি। মিক্সওয়েলকে ফিরিয়ে নিজের ১৭ তম পাঁচ উইকেট শিকার করেন। সাথে ম্যাচে দ্বিতীয়বার দশ উইকেট শিকার তার। এরপর প্রতিরোধ গড়েন নাথান লায়ন ও প্যাট কামিন্স। লায়নকে ১২ রানে আউট করেন মিরাজ। ২ ছয় ও ৩ চারে কামিন্স ভয় ধরলেও শেষ উইকেটে তাইজুল হেজেলউডকে আউট করলে ইতিহাস গড়ে টিম বাংলাদেশ।
এর আগে সাকিবের ৮৪ ও তামিমের ৭১ রানে বাংলাদেশ প্রথম ইনিংসে করে ২৬০ রান। বিপরীতে সাকিবের পাঁচ উইকেটে অস্ট্রেলিয়া অলআউট হয় ২১৭ রানে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২২১। সর্বোচ্চ রান তামিমের ৭৮ রান। অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ২৬৫ রান। সবশেষে সফরকারীদের ইনিংস থামে ২৪৪ রানে। ওয়ার্নার করেন ১১২ রান।
সবকিছু ছাপিয়ে সাকিব-তামিমের ৫০তম টেস্ট নতুন ইতিহাসের সাক্ষী হয়ে থাকলো।
এক নজরে বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজ:
বাংলাদেশ ১ম ইনিংস : ২৬০ অলআউট
অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ১১৭ অলআউট
বাংলাদেশ ২য় ইনিংস : ২২১ অলআউট
অস্ট্রেলিয়া ২য় ইনিংস : ২৪৪ অলআউট
ফলাফল : বাংলাদেশ ২০ রানে জয়ী
ম্যান অব দ্যা ম্যাচ : সাকিব আল হাসান (৮৪ ও ৫ রান এবং ৫/৬৮ ও ৫/৮৫)