মাত্র ৩ জন করে শিক্ষকে পাঠদান চলছে দেশের ৭ হাজার ৭৬৪ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। শুধু তাই নয় এর চেয়েও বেহাল দশা দেশের ৭৯টি প্রাথমিক বিদ্যালয়ের; আছেন একজন করে শিক্ষক। আর ৭২১ বিদ্যালয়ে আছেন দুজন করে।
সরকারি হিসাবমতে, ৮ হাজার ৫৬৪টি বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট রয়েছে। এর মধ্যে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জলাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭০ জন শিক্ষার্থীর পাঠদানের জন্য শিক্ষক আছেন মাত্র একজন। একই অবস্থা উপজেলায় আরো চারটি প্রাথমিক বিদ্যালয়ের। একমাত্র শিক্ষকে সব শ্রেণীর নিয়মিত ক্লাস নেয়া প্রায় অসম্ভব হলেও, চলছে এভাবেই।
এদিকে, শতাধিক শিক্ষার্থী থাকা পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত বৌলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত একজন শিক্ষকই ক্লাস নিচ্ছেন। প্রশাসনিক কাজও সামলাতে হচ্ছে তাকেই।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বার্ষিক অগ্রগতি প্রতিবেদনে বলা হয়েছে, একটি বিদ্যালয়ে কমপক্ষে চারজন শিক্ষক নিয়োগ দেয়া প্রয়োজন। অন্যথায় মানসম্মত পাঠদান নিশ্চিত করা অসম্ভব।
এবিষয়ে, জলাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র শিক্ষক আনাস সরেন বলেন, ক্লাস নেয়ার পাশাপাশি প্রশাসনিক কাজগুলোও সামলাতে হয়। আবার যখন উপজেলায় বিভিন্ন সভায় অংশ নিতে হয়, তখন ক্লাস নেয়া হয় না। অনিয়মের কারণে অনেক অভিভাবক তাদের সন্তানকে অন্য বিদ্যালয়ে পড়াচ্ছেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রমতে, বর্তমানে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোয় প্রধান শিক্ষকের ২৭ শতাংশ পদ ও সহকারী শিক্ষকের ৭ শতাংশ পদ খালি রয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সর্বশেষ হাল-নাগাদ তথ্য অনুযায়ী; বাংলাদেশে মোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা = ৬৩ হাজার ৬০১, মোট সরকারি শিক্ষকের সংখ্যা = ৩ লক্ষ ২২ হাজার ৭৬৬ জন।
