যৌথ কমিশন গঠনে সম্মত ঢাকা-প্যারিস




ফরাসি প্রেসিডেন্ট ইম্মানুয়েল ম্যাক্রন ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণিজ্য, অর্থনীতি ও অন্যান্য অগ্রাধিকার ক্ষেত্রে সহযোগিতার সুযোগ-সুবিধা অনুসন্ধানে একটি যৌথ কমিশন গঠনে সম্মত হয়েছেন।
প্যারিসের এলিসি প্রাসাদে এক দ্বিপক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এ বিষয়ে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বলেন, বৈঠকে উভয় নেতা অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় ও বৈশ্বিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন। বৈঠকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু জলবায়ু পরিবর্তনসহ পাঁচটি বিষয়ে আলোচনা হয়। দুই নেতার আলোচনায় রোহিঙ্গা ইস্যু এবং সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের অব্যাহত অগ্রগতির প্রসঙ্গটিও উঠে আসে। বাংলাদেশের প্রধানমন্ত্রী ফরাসি প্রেসিডেন্টকে বলেন, ‘আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের মানুষের অত্যন্ত আগ্রহ ও আন্তরিকতা রয়েছে।’
পররাষ্ট্র সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরাসি প্রেসিডেন্টকে তাঁর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। ফরাসি প্রেসিডেন্ট আমন্ত্রণ গ্রহণ করেন এবং আগামী বছরের শুরুর দিকে তাঁর দক্ষিণ এশিয়া সফরের সময় বাংলাদেশ সফরে আশাবাদ ব্যক্ত করেন। ফরাসি প্রেসিডেন্ট বাংলাদেশে বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা অধিকতর সম্পৃক্ততার সুযোগ পাবেন এমন অগ্রাধিকার খাতগুলোতে সহায়তা দেয়ার ক্ষেত্রে তাঁর আগ্রহ প্রকাশ করেন। জবাবে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার জ্বালানি, অবকাঠামো, ওষুধ শিল্প, আইসিটি ও বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল এবং শক্তিশালী আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব দিচ্ছে।
ওয়ান প্লানেট সামিট জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সমষ্টিগত কর্মকান্ডকে দ্রুত এগিয়ে নেবার লক্ষ্যে বিশেষ করে অভিযোজন এবং প্রশমনের জন্য নতুন অর্থ প্রদানের উপায় খুঁজতে সকল ক্ষেত্রের শত শত বৈশ্বিক নেতার একটি জোট।
ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জাতিসংঘ মহাসচিব এন্টোনিও গুতেরেস ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইং কিম এই সম্মেলনের সহ-আয়োজক। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সমষ্টিগত কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে, বিশেষ করে অভিযোজন এবং প্রশমনের জন্য নতুন অর্থায়নের উৎস খুঁজতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।
প্যারিসে ২০১৫ সালে বিশ্বের ১৮৮টি দেশের ঐকমত্যের ভিত্তিতে জলবায়ু চুক্তি সই হয়। এর দুই বছর পূর্তি উপলক্ষে পুনরায় এ সম্মেলন মিলিত হচ্ছেন বিশ্ব নেতারা। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অভিন্ন প্রচেষ্টা এগিয়ে নিতে সরকারি ও বেসরকারি অর্থায়ন কিভাবে কাজ করে তা নির্ধারণ এই সম্মেলনের মূল বিষয় হিসেবে তুলে ধরা হবে।
আরও পড়ুন; বাংলাদেশ নামটাও বঙ্গবন্ধুর দেওয়া: প্রধানমন্ত্রী
নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সংসদে বিল
যৌথ ভিডিও কনফারেন্সে ‘বন্ধন’ উদ্বোধন করলেন শেখ হাসিনা ও মোদী   
বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় ৩০তম শেখ হাসিনা     
শেখ হাসিনাকে হত্যা চেষ্টার মামলার রায় আজ