সাময়িক বন্ধ রাখার পর আগামীকাল সোমবার থেকে আবার চালু হচ্ছে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয়নেয়া রোহিঙ্গাদের মধ্যে খাদ্য বিতরণ কর্মসূচি।
এ বিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসক আলি আহমেদ জানিয়েছেন, ১৮ই ডিসেম্বর থেকে স্বাভাবিক ভাবে ত্রাণ কার্যক্রম চলবে। গত সোমবার (১১ই ডিসেম্বর) থেকে এক সপ্তাহের জন্য এ কর্মসূচি বন্ধ রেখেছিল সরকার।
আহমেদ বলেন, “আসলে আমরা সাময়িকভাবে ত্রাণ কার্যক্রমটা বন্ধ রেখেছিলাম যাতে ত্রাণের অপচয় না হয়। আর এটা শুধু এনজিওদের জন্য ছিল। আন্তর্জাতিক এনজিও, বিশ্ব খাদ্য কর্মসূচি যথারীতি কাজ করবে। স্থানীয় বিভিন্ন পর্যায় থেকে যে সাহায্য আসছিল সেটাও কাজ করবে। আজ থেকে সাময়িক স্থগিতাদেশ প্রত্যাহার হয়ে যাবে। ১৮ তারিখ(সোমবার) থেকে আমরা আবার ত্রাণ কার্যক্রম চালাবো, অসুবিধা নাই।
খাদ্যসামগ্রীর কোনও অভাব হবেনা বলেও জানান তিনি। তিনি জানান, “খাদ্য সামগ্রীর অভাব নেই। প্রচুর খাদ্য সামগ্রী আসছে। বিভিন্ন এনজিওর কাছে প্রচুর খাদ্য আছে”।
এদিকে রোহিঙ্গা শরণার্থীরা ত্রাণের খাবার নিয়ে বাইরে বিক্রি করে দিচ্ছে-এমন কোন অভিযোগ ওঠার মাঝেই আসে সরকারি সিদ্ধান্তের ঘোষণা। যদিও কর্তৃপক্ষ তেমন কোন প্রমাণ তাদের হাতে নেই বলে জানিয়েছিল। খাবার যাতে অপচয় না হয় এবং খাদ্য বিতরণ ব্যবস্থা যাতে আরও কার্যকর করা যায়, সেটা নিশ্চিত করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য বলে জানায় জেলা প্রশাসন।
জেলা প্রশাসক আলী আহমেদ জানান, মিয়ানমার থেকে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য শীতকালীন প্রস্তুতিও যথেষ্ট নিয়েছেন তারা। “আমাদের ধারণা ১ লাখ ৬০ হাজারের মত পরিবার থাকতে পারে। এক-দেড় লাখ কম্বল বিতরণ হয়ে গেছে তারা শীতের জন্য কম্বল ও কাপড় পাচ্ছে”।
মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে গত ২৫ অগাস্ট থেকে সোয়া ছয় লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। মিয়ানমারে দশকের পর দশক নাগরিক অধিকার বঞ্চিত রোহিঙ্গারা মৌলিক স্বাস্থ্য সেবা থেকেও বঞ্চিত হয়েছে। রোহিঙ্গারা বাংলাদেশে আসার পর ইতোমধ্যে তাদের মাঝে কলেরা, পোলিও ও হামের টিকা দেওয়া হয়েছে।
আরও পড়ুন;
রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সাধ্যমত চেষ্টা করবে তুরস্ক
রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার প্রস্তাব জাপানের
রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতা করবে চীন
রোহিঙ্গা সংকট: সু চির সঙ্গে ট্রুডোর বৈঠক
রোহিঙ্গা সংকট: বছরে লাগবে সাত হাজার কোটি টাকা
রোহিঙ্গাদের ফেরাতে চারটি শর্ত দিয়েছে মিয়ানমার
