আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উর্ধ্বমুখীতা দেখা দিয়েছে। গতকাল পণ্যটির দাম আগের দিনের তুলনায় কমলেও সাড়ে তিন মাসের সর্বোচ্চের কাছাকাছি অবস্থান করছে। মূলত অন্যান্য মুদ্রার বিপরীতে ডলারের বিনিময়মূল্য দুর্বল হওয়ার জের ধরে স্বর্ণের বাজারে তেজিভাব বজায় রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
দিন শেষে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয় ১ হাজার ৩১২ ডলার ৭১ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৪ শতাংশ কম। আগের দিন প্রতি আউন্স স্বর্ণের দাম উঠেছিল ১ হাজার ৩২১ ডলার ৩৩ সেন্ট, যা সাড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ। সেই হিসাবে গতকাল পণ্যটির দাম সাড়ে তিন মাসের সর্বোচ্চের কাছাকাছি অবস্থান করেছে। অন্যদিকে এদিন যুক্তরাষ্ট্রে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি আউন্স স্বর্ণের দাম অপরিবর্তিত থেকে বিক্রি হয় ১ হাজার ৩১৫ ডলার ৬০ সেন্টে।
বিশেষজ্ঞরা বলছেন, ডলারের মান কমায় বিনিয়োগকারীরা স্বর্ণের বাজারে ঝুঁকেছেন। একই সঙ্গে বড়দিন ও নববর্ষ উত্সবের পর বেচাকেনাও বেশি ছিল। এসব কারণে বছরের শুরুতেই ধাতুটির বাজারে তেজিভাব দেখা দিয়েছে।
স্পট মার্কেটে দিন শেষে প্রতি আউন্স রুপা বিক্রি হয় ১৭ ডলার ১০ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৫ শতাংশ কম। দিনের শুরুতে প্রতি আউন্স রুপার দাম ১৭ ডলার ২১ সেন্ট উঠেছিল, যা ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে প্রতি আউন্স প্লাটিনাম বিক্রি হয় ৯৩৫ ডলার ৭৪ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৮ শতাংশ কম।
