বছরজুড়ে উৎপাদন হ্রাস অব্যাহত রাখবে ওপেক




বছরজুড়ে উৎপাদন হ্রাসের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ওপেকের প্রেসিডেন্ট ও সংযুক্ত আরব আমিরাতের জ্বালানিমন্ত্রী সোহেল আল মাজরৌয়ি।
গতকাল দুবাইয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০১৭ সালের জ্বালানি তেলের চাহিদায় অপ্রত্যাশিত প্রবৃদ্ধি পরিলক্ষিত হয়েছে এবং মিত্রদেশগুলোকে নিয়ে ওপেক উৎপাদন হ্রাস চুক্তি প্রতিপালন করেছে। তবে বাজারে এখনো উন্নতির সুযোগ আছে।
গত নভেম্বরে ভিয়েনায় অনুষ্ঠিত বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সব দেশের উপস্থিতিতে যে প্রতিশ্রুতি হয়েছে তা নিয়ে আমি আত্মবিশ্বাসী। তিনি আরো বলেন, প্রত্যেকেই প্রতিজ্ঞাবদ্ধ এবং সবাই এ চুক্তির দ্বারা উপকৃত হচ্ছে। ২০১৮ সালে চুক্তি বাস্তবায়ন নিয়ে আমার কোনো সন্দেহ নেই।
যুক্তরাষ্ট্রে উৎপাদন বৃদ্ধিতে সরবরাহ চাপ থাকলেও ঁঁজ্বালানি তেলের বাজার এখনো স্থিতিশীল আছে। মূলত ওপেক ও মিত্রদেশগুলোর উৎপাদন হ্রাস সরবরাহ চাপকে প্রশমিত করেছে।
আল মাজরৌয়ি জানান, ২০১৭ সালে দৈনিক তেলের চাহিদা ১০ থেকে ১২ লাখ ব্যারেল বাড়তে পারে বলে প্রত্যাশা ছিল। কিন্তু বছর শেষে দেখা গেছে, পণ্যটির দৈনিক চাহিদা প্রায় ১৫ লাখ ব্যারেল বেড়েছে। ওপেক ও মিত্রদেশগুলো চলতি বছর আরো কার্যকরভাবে উৎপাদন হ্রাস চুক্তি বাস্তবায়ন করবে।
ওপেক বৈশ্বিক জ্বালানি তেলের মজুদ পাঁচ বছরের গড়ের নিচে নামিয়ে আনতে চায়।
এ ব্যাপারে আল মাজরৌয়ি বলেন, বাজার থেকে ১০ লাখ ব্যারেলের বেশি পণ্য অপসারণ করা দরকার।
ওই সংবাদ সম্মেলনে সিটিগ্রুপ ইনকরপোরেশনের কমোডিটি রিসার্চ বিভাগের গ্লোবাল হেড এড মোর্স বলেন, মজুদের পাঁচ বছরের গড়ের দিকে ওপেকের নজর দেয়া উচিত হয়, বরং দেখা উচিত মজুদ কতদিনের চাহিদা মেটাতে পারবে। তিনি বলেন, জ্বালানি তেল বর্তমান দামে স্থির থাকলে সরবরাহ দৈনিক ২৫ লাখ ব্যারেল বাড়তে পারে। তিনি আরো বলেন, পণ্যের দাম চূড়ার কাছাকাছি আছে। আগামী দুই থেকে তিন বছর জ্বালানি তেল ২৫ ডলারের কম-বেশিতে লেনদেন হতে পারে।
এদিকে মার্কেটওয়াচ জানিয়েছে, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ বৃদ্ধি নিয়ে সংশয় ঊর্ধ্বমুখী করে তুলেছে জ্বালানি তেলের বাজার।
গতকাল লন্ডনের আইসিইতে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে দশমিক ৫ শতাংশ। এদিন পণ্যটির দাম ব্যারেলপ্রতি ৩২ সেন্ট বেড়ে ৬৯ দশমিক ৫২ ডলারে লেনদেন হয়। নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম বেড়েছে দশমিক ৬ শতাংশ। এদিন পণ্যটির দাম ব্যারেলপ্রতি ৬৩ দশমিক ৯৬ ডলারে লেনদেন হয়। গ্যাসোলিনের দাম বেড়েছে দশমিক ১ শতাংশ। এদিন পণ্যটি গ্যালনপ্রতি ১ দশমিক ৮৩ ডলারে লেনদেন হয়। আইসিইতে গ্যাস অয়েলের দাম বেড়েছে ২ দশমিক ৭৫ শতাংশ। এদিন পণ্যটি টনপ্রতি ৬১৫ দশমিক ৭৫ ডলারে লেনদেন হয়।