বিশ্বকাপ দলে তাসকিনকে চাচ্ছেন মাশরাফি। কিন্তু যেই খেলোয়াড় ইনজুরির জন্য মাঠের বাইরে তাকে কি করে বিশ্বকাপ মঞ্চে রাখা যায়, তা নিয়ে সন্দিহান নির্বাচকমন্ডলী।
প্লেয়ার্স ড্রাফটে তাঁর নাম ছিল, কিন্তু গোড়ালির চোটে তখন মাঠের বাইরে থাকায় আর খেলা হয়নি। অবশেষে আজ মাঠে নামছেন রূপগঞ্জের হয়ে।
গত ১ ফেব্রুয়ারি বিপিএলে সিলেট সিক্সার্সের হয়ে ম্যাচে চোট পাওয়ার পর প্রায় দুই মাস দশ দিন পর এটিই হতে যাচ্ছে তাসকিনের প্রথম ম্যাচ। মঙ্গলবার একাডেমি মাঠে বোলিং অনুশীলনের পর নিজেই জানালেন ফেরার খবর। বিশ্বকাপ দল ঘোষণার সময় এগিয়ে আসছে। বিশ্বকাপে ফিরতে কতটা মরিয়া, তার কথাতেই স্পষ্ট।
‘এটাই আমার স্বপ্ন (বিশ্বকাপ খেলা)। এটার জন্যই এত কষ্ট করছি। আল্লাহর কাছে শুকরিয়া যে খেলার অনুমতি পেয়েছি। আল্লাহ চাইলে কালকে খেলতে নামব। সবার কাছে দোয়া চাচ্ছি যেন সুস্থ থাকতে পারি, ভালো খেলতে পারি।’
ইনজুরির জন্য প্লেয়ার ড্রাফটে দল পাননি। ছাড়পত্র পাওয়ার খবরে নিজেই যোগাযোগ করেছেন দলগুলোর সাথে। এর জন্য অর্ধেক পারিশ্রমিকেও খেলতে রাজি তাসকিন।
‘আমি বলেছি আমার যা ম্যাচ ফি, তার অর্ধেক দিলেও আমি রাজি। কারণ আমার ম্যাচ খেলাটা গুরুত্বপূর্ণ এখন।’
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হতে পারে আসছে ১৮ এপ্রিল। তার আগে ঢাকা লিগে পেতে পারেন তিনটি ম্যাচ। সম্ভাবনা-শঙ্কার দোলাচল যথেষ্টই নাড়িয়ে দিচ্ছে তাকে।
‘চাপ তো আছেই। সবসময় অনুভব করি। ভালো না করলে সুযোগ পাব না। ফিট না থাকলে সুযোগ পাব না। তবে এবার একটু বেশি চাপ, কারণ বিশ্বকাপ তো আমার স্বপ্নের। এটা বড় আসর। ফিট না হলে সুযোগ মিলবে না।’
মাত্র তিন সেশন বোলিং করেই নিজেকে তৈরি করেছেন। ম্যাচে কি করতে পারেন তাই দেখার বিষয়।
তাসকিন বলেন, ‘দুল রান আপে তিনটি সেশন বোলিং করেছি। কোনো সমস্যা হয়নি। তবে প্রায় আড়াই মাস পর খেলতে নামব, একটু… (অস্বস্তি থাকতে পারে)। ফিটনেস নিয়ে আমি আত্মবিশ্বাসী। ভালো অবস্থায় আছি।’

