অসহায় মুস্তাফিজের মুম্বাই, জিতেছে সাকিবের হায়দ্রাবাদ




আইপিএলটা ভালো যাচ্ছে না মুম্বাই ইন্ডিয়ান্সের। ছয় ম্যাচ খেলে পাচঁটিতেই হারতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। যার মধ্যে চারটিই হেরেছে শেষ ওভারে। আর আজ প্রতিপক্ষকে ১১৮ রানে বেঁধেও জিততে পারেনি তারা। মুস্তাফিজের মুম্বাই ইন্ডিয়ান্স আবার হেরেছে সাকিবের সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে। এবারের আইপিএলে প্রথম দেখায়ও জিতেছিল সাকিবের দল। সে জয় ছিল মাত্র এক উইকেটে। আর আজকে হায়দ্রাবাদ জিতেছে ৩১ রানে।
প্রথমে ব্যাট করে ১৮.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৮ রান তোলে সানরাইজার্স হায়দ্রাবাদ। এ দিন শিখর ধাওয়ানের সাথে কেন উইলিয়ামসন ইনিংসের গোড়াপত্তন করেন। দলীয় ২০ রানে ম্যাকলেনাঘানের বলে ব্যক্তিগত ৫ রানে বোল্ড হয়ে ফেরেন শিখর ধাওয়ান। কোনো রান না করেই সেই ম্যাকলেনাঘানের বলে আউট ঋদ্ধিমান সাহা। মনীশ পান্ডে ১৬ রান করে হার্দিক পান্ডেয়ার বলে এবং রান আউট হয়ে প্যাভিলিয়নের পথে সাকিব আল হাসান।
অধিনায়ক কেন উইলিয়ামসনকে ২৯ রান করে আউট করেন হার্দিক পান্ডেয়া। এবারের আইপিএলে প্রথম ম্যাচ খেলা আফগানিস্তানের মোহাম্মদ নবী (১৪) ও বাসিল থামপি (৩) কে ফেরান মারকাণ্ডে। শেষ উইকেটে সানরাইজার্স হায়দ্রাবাদের শেষ ভরসা ইউসুফ পাঠানকে মুস্তাফিজুর রহমান আউট করলে ১১৮ রানেই অল আউট হয় হায়দ্রাবাদ।
স্বল্প পুঁজি নিয়েও লড়াইয়ের মানসিকতা দেখিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। সাকিব, নবী ও সন্দ্বীপ শর্মার দুর্দান্ত বোলিংয়ে পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে মাত্র ২২ রান তোলে মুম্বাই ইন্ডিয়ান্স। এবারের আইপিএলে পাওয়ার প্লেতে এটিই সর্বনিম্ন রান। রোহিত শর্মাকে ২ রানে স্লিপে শিখর ধাওয়ানের করছে পরিণত করে টি২০ ক্যারিয়ারে ৩০০ তম উইকেট তুলে নেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়া লুইসকে সন্দ্বীপ শর্মা ও ঈশান কিষানকে আউট করেন মোহাম্মদ নবী।
এরপর সূর্যকুমার যাদব ও ক্রুনাল পান্ডেয়া খেলার হাল ধরেন। তাদের ৪০ রানের জুটিতে একটু একটু করে ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে হায়দ্রাবাদ। রশিদ খানের বলে দলীয় ৬১ রানে ক্রুনাল পান্ডেয়া ২৪ রানে আউট হলে গুরুত্বপূর্ণ এ জুটি ভাঙে। পোলার্ডকেও ফেরান এই আফগান লেগি। ৩৩ রান করা সূর্যকুমার যখন থামপির বলে রশিদ খানের ক্যাচ হয়ে ফিরে যাচ্ছেন, মুম্বাই ইন্ডিয়ান্সের রান তখন ৭৭ রানে ৬ উইকেট। কঠিন পরিসংখ্যানের সামনে দাঁড়িয়ে ম্যাচ জেতাই যেন কঠিন করে তুলল মুম্বাইয়ের ব্যাটসম্যানরা।
এরপর একে একে ম্যাকলেনাঘান, মারকাণ্ডে, হার্দিক পান্ডেয়া, মুস্তাফিজ আউট হলে ৮৭ রানে অলআউট হয় মুম্বাই। হায়দ্রাবাদের হয়ে সিদ্ধার্থ কল ৩ টি, থামপি ও রশিদ খান ২ টি করে এবং নবী, সাকিব ও সন্দ্বীপ ১ টি করে উইকেট লাভ করেন
সাকিব ব্যাট হাতে ৪ বলে ২ রান করেন এবং বল হাতে ৩ ওভারে ১৬ রান দিয়ে ১ উইকেট তুলে নেন। অন্যদিকে মুস্তাফিজ ৩.৪ ওভারে ১৮ রানে ১ উইকেট নেন এবং ব্যাটিংয়ে ৩ বলে ১ রান করেন।