করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ১৪ দিনের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস লকডাউন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।শনিবার (৪ জুলাই) সকাল থেকে এই লকডাউন কার্যকর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান।
গত সপ্তাহে উপাচার্য দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জাহাঙ্গীর করোনায় আক্রান্ত হন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেইট সংলগ্ন কর্মচারীদের আবাসিক এলাকা শোভা কলোনীতে দুই জন করোনা রোগী শনাক্ত হয়। এরপর পরই ক্যাম্পাস এলাকা লকডাউন করার সিদ্ধান্ত নেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জানা যায়, ক্যাম্পাসে করোনাভাইরাসের দ্রুত সংক্রমণের আশংকায় ৪ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত ১৪ দিন চবি ক্যাম্পাস সর্বাত্মক লকডাউন করা হয়েছে। এ সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জরুরী প্রশাসনিক কার্যক্রম নগরীর চারুকলা ইনস্টিটিউট অফিস হতে পরিচালিত হবে।

