আবাসিক এলাকায় আছড়ে পড়ল বিমান, ফ্লোরিডায় নিহত ৯


বিমান বিধ্বস্ত, নিহত ৩
বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, নিহত ৩


যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডায় জনবসতিপূর্ণ এলাকায় একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৯ জন। ভয়াবহ এ দুর্ঘটনায় আশপাশের বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর এলাকায় ছড়িয়ে পড়ে বিমানের জ্বলন্ত ধ্বংসাবশেষ এবং আকাশ ঢেকে যায় কালো ধোঁয়ায়।

রোববার (১ নভেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে পাম বিচ কাউন্টির ক্রিসহ্যাভেন এলাকায় লিয়ারজেট-৬০ মডেলের বিমানটি বিধ্বস্ত হয়। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাস্থল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্ট থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে।

প্রতিবেদন অনুযায়ী, বিমানটির গন্তব্য ছিল বাহামার নর্থ এলিউথেরা বিমানবন্দর। এটি টেক্সাসের অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিল। তবে বোকারাটন থেকে উড্ডয়নের যে প্রাথমিক তথ্য সামনে এসেছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রায় আট হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় বিমানটি হঠাৎ ডান দিকে মোড় নেয়। এরপর দ্রুত নিচের দিকে নামতে শুরু করে। মাটিতে আছড়ে পড়ার আগে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে বিদ্যুতের তার ছিঁড়ে যায়। এতে দুর্ঘটনাস্থলের সড়কে বড় গর্তের সৃষ্টি হয়।

বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে আগুন ও ধ্বংসাবশেষ। মুহূর্তের মধ্যেই ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ। ক্ষতিগ্রস্ত হয় আশপাশের কয়েকটি আবাসিক ভবন।

দুর্ঘটনার সময় ওই এলাকায় আবহাওয়া অনুকূলে ছিল না। বৃষ্টি ও বজ্রপাতের পাশাপাশি ঘণ্টায় ১৫ থেকে ২৫ মাইল বেগে ঝোড়ো বাতাস প্রবাহিত হচ্ছিল। বৈরী আবহাওয়ার সঙ্গে বিমান বিধ্বস্ত হওয়ার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে মর্মান্তিক এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের পরিবহন সচিব শন ডাফি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।