আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা অনিশ্চিত




আইসল্যান্ডের বিপক্ষে ড্রয়ের পর তীব্র চাপ নিয়ে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। সেই চাপ কতটা, জাতীয় সংগীতের সময় মেসির চিন্তিত মুখ দেখেই বোঝা যাচ্ছিল।  তবে ঘুরে দাঁড়াতে পারল না আর্জেন্টিনা। উল্টো বড় ব্যবধানে হেরে পড়ে গেল গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ার শঙ্কায়।
অন্যদিকে দুর্দান্ত জয়ে এক ম্যাচ বাকি থাকতেই শেষ ষোলোতে উঠে গেছে ক্রোয়েশিয়া। দুইবারের চ্যাম্পিয়নদের ৩-০ গোলে হারিয়েছে ক্রোয়েটরা।
প্রথমার্ধে সুযোগ তৈরি করলেও গোল পায়নি আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়ার কেউই। ওই অর্ধে আর্জেন্টিনার সবচেয়ে ভালো সুযোগটি পেয়েছিলেন এনসো পেরেস। ৩১তম মিনিটে ডি-বক্সে ফাঁকায় বল পেয়েও জালে পাঠাতে পারেননি এই মিডফিল্ডার।
দ্বিতীয়ার্ধে উইলি কাবায়েরো এটা কী করলেন! ডাগ আউটে বিমর্ষ হোর্হে সাম্পাওলি, ভিআইপি গ্যালারিতে বসা হতবাক ডিয়েগো ম্যারাডোনা, নির্বাক নিযুত-কোটি আকাশি-নীল সমর্থকেরা। আন্তে রেবিচ সামনে দাঁড়িয়ে অথচ শিক্ষানবিশের মতো বল পাস করতে গেলেন আর্জেন্টিনার গোলরক্ষক উইলি কাবায়েরো। এই ভুল ক্ষমার নয়, চড়া মূল্য দিতে হলো আর্জেন্টিনাকে।
৫৩ মিনিটে রেবিচের গোলে এগিয়ে যাওয়া ক্রোয়েশিয়া আর্জেন্টিনার দুর্বল রক্ষণের সুযোগ নিয়ে আবারও চেপে ধরল। ৮০ মিনিটে মডরিচের দুর্দান্ত ফিনিশিং কার্যত সব আশা কেড়ে নিল আর্জেন্টিনার। ৯০ মিনিটের যোগ করা সময়ে কফিনে শেষ পেরেকটা পুতে দিলেন ইভান রাকিতিচ!
লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়েন এমনকি পরে পাওলো দিবালাকেও নামালেন সাম্পাওলি। বিশ্বের অন্যতম সেরা আক্রমণভাগ নিয়েও ক্রোয়েশিয়ার জাল বল পাঠাতে পারেনি আর্জেন্টিনা। পারবে কীভাবে? বলটা তো আসতে হবে মিডফিল্ড থেকে। মিডফিল্ড বল সরাবরাহ করতে পারেনি, সঙ্গে অতি দুর্বল রক্ষণ, ছন্নছাড়া এই আর্জেন্টিনা ম্যাচ জিতবে কী, একটার পর একটা গোল খেতেই থাকল! আর এতে রাশিয়া বিশ্বকাপের বিদায় ঘণ্টা বাজতে শুরু করল গতবারের রানার্সআপদের। আর টানা দুই ম্যাচ জিতে দ্বিতীয় পর্ব নিশ্চিত ক্রোয়েটদের।
আর্জেন্টিনা তো বটেই বিশ্বকাপে এই প্রথম দক্ষিণ আমেরিকার কোনো দলের বিপক্ষে প্রথমবারের মতো জিতল ক্রোয়েশিয়া।
আইসল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপ শুরু করা আর্জেন্টিনা ১৯৭৪ আসরের পর প্রথমবারের মতো নিজেদের শুরুর দুই ম্যাচে কোনো জয় পেতে ব্যর্থ হল।
২০০২ সালে ইংল্যান্ডের কাছে হারের পর এই প্রথম গ্রুপ পর্বে কোনো ম্যাচে হারল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ক্রোয়েশিয়ার কাছে এই হারের পর দ্বিতীয় রাউন্ডে যাওয়ার চাবি আর নিজেদের কাছে রাখতে পারল না দলটি।
আরও পড়ুন;

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আর্জেন্টিনার বিশ্ব জয়ের স্বপ্ন

রুশ নারীদের পটানোর নির্দেশনা দিয়েছে আর্জেন্টিনা

সেমিফাইনালেই আর্জেন্টিনার প্রাপ্তি!