ইংল্যান্ড বিশ্বকাপ নিয়ে রোমাঞ্চিত তামিম




বিশ্বকাপ ক্রিকেটের এখনো বছরখানেক বাকি। তারপরও শুরু হয়ে গেছে বিশ্বকাপ উন্মাদনা। কয়েকদিন আগে বিশ্বকাপসূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করবে ১০টি দল। ১৯৯২ বিশ্বকাপের আদলে এ বিশ্বকাপের প্রতিটি দল একে অপরের বিপক্ষে লড়বে প্রথম রাউন্ডে।
নতুন ফরমেটে এ বিশ্বকাপ নিয়ে রোমাঞ্চিত খেলোয়াড়রা। বাংলাদেশের ড্যাসিং ওপেনার তামিম ইকবালও এমন এক রোমাঞ্চে রোমাঞ্চিত। তিনি মনে করেন, এই বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বীতা হবে সব থেকে বেশি। নিজেদের সেরাটা দিয়ে ধারাবাহিক পারফরম্যান্স দিতে পারলে ভালো কিছু করা সম্ভব বলে মনে করেন তিনি।
গতকাল মিরপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে তামিম বলেন, ‘বিশ্বকাপকে ঘিরে আমি খুবই রোমাঞ্চিত। প্রতিটি টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে খেলা হবে। ফরম্যাট নিয়ে ব্যক্তিগতভাবে রোমাঞ্চিত। এটা এমন ফরম্যাট, যদি কোনো দল শিরোপা জিততে চায় পুরো টুর্নামেন্ট জুড়ে সেই দলকে ভালো খেলতে হবে।’
নিজের উত্তেজনা লুকিয়ে রাখতে পারেন নি বাংলাদেশ ক্রিকেট দলের সেরা এই ওপেনার। এমন এক টুর্নামেন্ট খেলতে মুখিয়ে আছেন তিনি। সেই সাথে মনে করিয়ে দেন, প্রতিটি দলের জন্যই ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ হতে যাচ্ছে চ্যালেঞ্জিং। তিনি বলেন, ‘সব দেশের মতো বাংলাদেশেরও সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে মনে করেন তামিম। বলেন, ‘প্রতিটি দলকে কঠোর পরিশ্রম করতে হবে। লম্বা সময় ধরে অনেক ম্যাচ জিততে হবে কোয়ালিফাই করতে। ফরম্যাটটা চ্যালেঞ্জিং হবে। আমি খেলতে উন্মুখ। গ্রুপ থাকলে বোঝা যায় কটা ম্যাচ আমাদের জিততে হবে কোয়ালিফাই করতে। গ্রুপে এক-দুইটা ম্যাচ জিতলে কোয়ালিফাই করা সম্ভব। কিন্তু এখানে হয়তো ৫-৬টা ম্যাচ জিততে হবে। এটা অবশ্যই একটা চ্যালেঞ্জিং ব্যাপার।’
এ সময় বিশ্বকাপে বাংলাদেশের প্রস্তুতি নিয়েও কথা বলেন তিনি ‘বিশ্বকাপে লম্বা সময় ভালো খেলতে হবে। টুর্নামেন্টকে যদি আমরা স্মরণীয় করে রাখতে চাই তাহলে ভালো প্রস্তুতির বিকল্প নেই। বিশ্বকাপের এখনো এক বছর সময় আছে। এই সময়ে যে সিরিজগুলো আছে, আমরা যদি ভালো খেলি, সিরিজ যদি জিতি তবে আত্মবিশ্বাস নিয়ে যাওয়া যাবে।’