মাহমুদুল্লাহ; দ্যা ডার্ক নাইট




সেদিন মুশফিক জিতিয়েছিলেন। জিতেছেন বীরের বেশে। ভারতের চিন্নাস্বামী স্টেডিয়ামে যে গল্পটা লেখা হয়নি সেই আক্ষেপ ঘুচিয়েছেন ব্যাট হাতে, দাপটের সাথে। দুই বছর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩ বলে ২ রান নিতে না পারা মুশফিকে রেকর্ড লক্ষ্য তাড়া করে জিতেছিল লাল-সবুজের স্বপ্নধারীরা।
সেদিন আরো একজন ছিলেন, যিনি সেদিন জয়ের গল্প লিখতে যেয়েও লিখতে পারেননি। সেই মাহমুদুল্লাহ আক্ষেপের সাক্ষী ছিলেন ২০১২ সালেও। পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে দুই রানে হেরে স্তব্ধ হতে হয়েছিল। সেদিন চোখের জলে এক হয়েছিল পুরো দেশ।
আজ মাহমুদুল্লাহ অনেক পরিণত। আজ তার ব্যাট খোলা তরবারির মত শানিত, যার প্রতিটি ছোঁয়ায় ক্ষতবিক্ষত হয় প্রতিপক্ষ। শেষ তিন বলে ১২ রান করে প্রমাণ করলেন, এখন আর আক্ষেপের জন্ম দিতে আসেননা তিনি। তিনি আসেন বিজয়ের বেশেই ময়দান ছাড়ার জন্য। তিনি চাননি আরো একবার কাঁদতে হোক, তিনি চেয়েছিলেন প্রতিপক্ষের মাঠে তাদের স্তব্ধ করে দিতে।
এতটাও মসৃণ ছিল না পথ। ফাইনালে ওঠার লড়াই, টি-২০ উত্তাপ, ম্যাচ জুড়ে রঙ ছড়িয়েছে দুইদলের খেলোয়াড়েরা। ঘড়ির পেন্ডুলামের মত ম্যাচের ভাগ্য দুলছে এদিক ওদিক। খুব কিছু ছাপিয়ে এই ম্যাচের রঙে যেন আবির ছড়িয়েছে সাকিবের বাকবিতন্ডা, প্রতিবাদ। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্যই যেন তার আবির্ভাব। এমনকি খেলতেও মানা করেছিলেন দলের কাপ্তান।
তবে মাহমুদুল্লাহ নির্ভার। ব্যাট যখন হাতে থাকে, ভরসাও থাকে। সাকিবের ম্যাচ ছেড়ে উঠে আসার কথা অগ্রাহ্য করে মাঠে থেকে গেছেন, লড়াই করার মানসিকতা দেখিয়েছেন। পৃথিবীকে নিজের সামর্থ্য, বাংলাদেশের সামর্থ্যদেখানোর এত বড় সুযোগ যে হাত ছাড়া করা যায় না। নিজের স্নায়ুকে ধরে রাখার এত বড় দৃষ্টান্ত বোধহয় তিনিও আর দেখাতে পারবেন না।
ঘটনার শুরু শেষ ওভারে। ছয় বলে ১২ রান। মুস্তাফিজ ব্যাটিংয়ে। এর আগের বলে রান নিতে যেয়ে মিরাজের রান আউট যেন ভীতি ধরিয়ে দিয়েছে। মুস্তাফিজকে করা উদানার প্রথম বাউন্স ব্যাট পেরিয়ে উইকেটরক্ষকের গ্লাভসে। সময় নষ্ট করতেই কিনা রিভিউ টিম শ্রীলঙ্কার। ব্যাটসম্যানদের মনোসংযোগ নষ্ট করার ব্যর্থ প্রচেষ্টা। পরের বলে একই জায়গায় একইভাবে বাউন্সে পরাজিত মুস্তাফিজ। স্ট্রাইক পেতে মরিয়া মাহমুদুল্লাহকে ব্যাটে ফিরিয়ে আনতে গিয়ে রান আউট মুস্তাফিজ।
বিপত্তিটা এখানেই। আইসিসির নিয়মে বলা আছে, টি-২০ ক্রিকেটে ওভারে একটি বাউন্স দেওয়ার নিয়ম আছে। দুইবার সে বাউন্স দিলে নিশ্চিত নো বল। তবে কেন নো বল দেওয়া হল না? সাকিবের প্রতিবাদ, মাঠে ছেড়ে বেরিয়ে আসার আমন্ত্রণ। মাহমুদুল্লাহ বার বার আম্পায়ারদের বোঝানোর চেষ্টা করছিলেন। কিছুতেই কিছু হচ্ছিল না। তারা মানতে অনড়। বাউন্ডারি সীমানায় পুরো বাংলাদেশ দল দাঁড়িয়ে, সুবিচারের আশায়।
অবশেষে সুফল না পেয়ে রাগ করে ফিরে গেলেন সাকিব, মাহমুদুল্লাহ ফিরলেন বাইশ গজে। শক্ত করে ব্যাট ধরলেন। কি চলছিল তার মাথায় জানার উপায় নেই। এতকিছুর পরে জিততেই হবে, এই ভাবনাটা অবশ্যই ছিল। চার বলে দরকার ১২। লাইন মিস করা উদানা অফ স্ট্যাম্পের অনেক বাইরে বল ছুড়লেন। মাহমুদুল্লাহ দৃঢ় প্রতিজ্ঞ। নিজেকে ছুড়ে দিলেন বলের কাছে, চার রানের জন্য সীমানা ছাড়া করলেন। পরের বলে নিলেন দুই। বল ফিল্ডারের হাতে রেখেই দৌড় দিলেন দ্বিতীয় রানের জন্য। স্নায়ু চাপের জন্যই কিনা রান আউট মিস করলেন কুশল পেরেরা।
এক শট দূরে বাংলাদেশ। ছয় রান, দুই বল। শেষ বলে খেলা যাবে? মাহমুদুল্লাহর হয়ত সে ইচ্ছা ছিল না। পায়ের কাচের বল করা উদানার এই বলে একটা ফ্লিক, হওয়ায় ভাসতে ভাসতে বল উড়ে পড়ল গ্যালারীতে। বাংলাদেশ জিতেছে, জিতেছে রাজকীয় বেশে। যেই স্নায়ুর কাছে হারতে হয়েছিল বারবার, সেই স্নায়ু চাপে জয় পাওয়া তো যুদ্ধ জয়ের সামিল। ম্যাচ শেষে উল্লাস তারই প্রতিচ্ছবি।
২০১২ এশিয়া কাপের ফাইনাল আজও কষ্ট দেয়, কষ্ট দেয় ২০১৬ টি-২০ বিশ্বকাপে ভারতকে না হারাতে পারে। মাহমুদুল্লাহকে হয়ত আরো পীড়া দেয়, হয়ত মাঝরাতে ঘুমের ঘোরে দুঃস্বপ্ন এসে হানা দেয়। সেই মাহমুদুল্লাহ জিতিয়েছেন। তিন বলে ১২ নিয়ে প্রমান করেছেন আমরাও পারি। স্বপ্নগুলো হাতের কাছে পেয়েও না ছোঁয়ার যন্ত্রনা মাহমুদুল্লাহ জানেন। জানেন এমন এক ম্যাচ জয়ের আনন্দও। তাই হওয়ায় ভেসে থাকা তারই সাজে। একজন হিরো, দ্যা ডার্ক নাইট।