করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউন চলছে বিশ্বজুড়ে। রাস্তাঘাট জনমানবশূন্য। এমন অবস্থায় বনের পশুপাখি বেরিয়ে আসছে, মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছে। জনমানবশূন্য পথে চলছে বাধাহীনভাবে।
বিভিন্ন শহরের নামকরা সমুদ্র সৈকতগুলোতে কোনো পর্যটক নেই। আর তার ফলে ডাঙায় উঠে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে কুমিরের দল। কেউ রোদ পোহাচ্ছে। কেউ বা আবার অগভীর জলে সার্ফিং করছে।
এরকম ঘটনা মেক্সিকোর একাধিক সমুদ্র সৈকতে ঘটেছে। মেক্সিকো ডেইলি নিউজ সূত্রে খবর, মেক্সিকো সিটির লা ভেন্টানিল্লা নামের একটি ইকো ট্যুরিজম স্পটে এই দৃশ্য এই প্রথম দেখা গেছে।
বেশিরভাগ সমুদ্র সৈকতেই একই দৃশ্য। ডাঙায় উঠে এতোটা এগিয়ে আসতে এই প্রথম কুমিরদের দেখা যাচ্ছে। পর্যটক থাকায় বেশিরভাগ সময়েই পানির বাইরে বের হতে চায় না কুমিররা। তারাই এখন নিরাপদে ঘুরে বেড়াচ্ছে।
সম্প্রতি এই দৃশ্য ক্যামেরা বন্দি হয়েছে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতেই ভাইরাল হয়ে গেছে। যে সমুদ্র সৈকতে সবসময় পর্যটকে গিজগিজ করে সেখানে একজনও নেই। উলটে গিজগিজ করছে কুমিরে।
শুধু কুমিরই নয়, মেক্সিকোর বিভিন্ন অংশে বন্য প্রাণীদের অবাধে ঘুরতে দেখা গেছে। দ্য সান সূত্রে জানা গেছে, মেক্সিকোর বেশিরভাগ এলাকাতেই বন্য প্রাণীদের জঙ্গল থেকে বেরিয়ে এসে রাস্তায় ঘুরতে দেখা গেছে।
সম্প্রতি টুলুম-এর রাস্তায় গ্র্যান্ড সিরেনিস রিভিয়েরা মায়া রিসর্ট ও স্পা-এর কাছে একটা বাঘকে ঘুরতে দেখা গেছে।

