কমে গেছে ওপেকের জ্বালানি তেল উত্তোলন



অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ (ওপেক)। আন্তর্জাতিক বাজারে সরবরাহ নিয়ন্ত্রণের মাধ্যমে জ্বালানি পণ্যটির দরপতনের লাগাম টানতে বৈশ্বিক উত্তোলন হ্রাসসংক্রান্ত চুক্তি এগিয়ে নিয়ে যাচ্ছে ওপেকভুক্ত দেশগুলো। চুক্তির আওতায় জোটভুক্ত দেশগুলো জ্বালানি তেল উত্তোলন নির্ধারিত পরিমাণে সীমাবদ্ধ রেখেছে।
এ ধারাবাহিকতায় চলতি বছরের মে মাসে ওপেকভুক্ত দেশগুলোয় অপরিশোধিত জ্বালানি তেলের সম্মিলিত উত্তোলন ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। মূলত ভেনিজুয়েলা ও নাইজেরিয়ায় জ্বালানি পণ্যটির উত্তোলন উল্লেখযোগ্য পরিমাণে কমে আসায় এ সময় জোটভুক্ত দেশগুলো অপরিশোধিত জ্বালানি তেলের সম্মিলিত উত্তোলনও কমেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের মে মাসে ওপেকভুক্ত দেশগুলোয় অপরিশোধিত জ্বালানি তেলের সম্মিলিত দৈনিক উত্তোলন দাঁড়িয়েছে ৩ কোটি ২০ লাখ ব্যারেলে, যা বিগত ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন। চলতি বছরের এপ্রিলে ওপেকভুক্ত দেশগুলোয় জ্বালানি পণ্যটির সম্মিলিত দৈনিক উত্তোলন দাঁড়িয়েছিল ৩ কোটি ২০ লাখ ৭০ হাজার ব্যারেলে। সেই হিসাবে, এক মাসের ব্যবধানে ওপেকভুক্ত দেশগুলোয় জ্বালানি পণ্যটির সম্মিলিত দৈনিক উত্তোলন ৭০ হাজার ব্যারেল কমেছে।
এ সময় জ্বালানি পণ্যটির উত্তোলন সবচেয়ে বেশি কমেছে আফ্রিকার বৃহত্তম জ্বালানি তেল উত্তোলনকারী দেশ নাইজেরিয়ায়। রয়টার্সের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিলে দেশটিতে প্রতিদিন গড়ে ১৯ লাখ ৪০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন হয়েছিল। গত মে মাসে নাইজেরিয়ায় জ্বালানি পণ্যটির দৈনিক গড় উত্তোলন দাঁড়িয়েছে ১৮ লাখ ৫০ হাজার ব্যারেলে, যা আগের মাসের তুলনায় দৈনিক ৯০ হাজার ব্যারেল কম। নাইজেরিয়ায় জ্বালানি তেল সরবরাহকারী পাইপলাইনে ত্রুটি ধরা পড়ার জের ধরে এ সময় জ্বালানি তেল উত্তোলন কমেছে বলে জানিয়েছে রয়টার্স।
একই চিত্র দেখা গেছে ভেনিজুয়েলায়ও। গত এপ্রিলে দেশটিতে প্রতিদিন গড়ে ১৫ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন হয়েছিল। এক মাসের ব্যবধানে দেশটিতে জ্বালানি পণ্যটির দৈনিক গড় উত্তোলন দাঁড়িয়েছে ১৪ লাখ ৫০ হাজার ব্যারেলে। অর্থাৎ আগের মাসের তুলনায় গত মে মাসে ভেনিজুয়েলায় অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন কমেছে দৈনিক ৫০ হাজার ব্যারেল।
কিছুদিন ধরেই দেশটির জ্বালানি তেল উত্তোলন খাতে ধারাবাহিক মন্দাবস্থা বজায় রয়েছে। এরই মধ্যে আগাম নির্বাচনে জয়ী হয়ে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট পদে আরো ছয় বছরের জন্য আসীন হয়েছেন বামপন্থী নিকোলাস মাদুরো। তার এ জয়ে নাখোশ যুক্তরাষ্ট্র। দেশটির বিরুদ্ধে নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের জোরালো সম্ভাবনা রয়েছে। নিষেধাজ্ঞা আরোপ হলে ভেনিজুয়েলার জ্বালানি তেল খাত নতুন করে সংকটের মুখে পড়বে। গত মে মাসে সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশ ওপেকের চুক্তির শর্ত মেনে জ্বালানি তেল উত্তোলন করেছে। তবে লিবিয়া ও ইরানে জ্বালানি পণ্যটির উত্তোলন উল্লেখযোগ্য পরিমাণে কমেছে।