গত ২৫ মে করোনাভাইরাসের চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইনের পরীক্ষামূলক ব্যবহার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সেই সিদ্ধান্তের পরিবর্তন করেছে সংস্থাটি।
বুধবার সংস্থাটির মহাপরিচালক ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস বলেছেন, করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইনের পরীক্ষামূলক ব্যবহারে বাধা নেই।
এমন এক প্রতিবেদন প্রকাশ করেছে, যুক্তরাজ্যের দৈনিক গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমিত রোগীর চিকিৎসায় কোনো ওষুধ না থাকার কারণে বিদ্যমান নানা ওষুধ নিয়ে পরীক্ষা চালাচ্ছেন চিকিৎসকরা। এর ফলে বিভিন্ন দেশে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, ডব্লিউএইচও’র গবেষক দল যাচাই করে দেখেছে যে হাইড্রক্সিক্লোরোকুইন সেবনে করোনা রোগীদের ঝুঁকিতে পড়ার কোনো প্রমাণ নেই।
এদিকে, এই ওষুধ সেবনে অনেকের হৃদস্পন্দনে গুরুতর অস্বাভাবিকতা দেখা দিতে পারে বলে সতর্কবার্তা দিয়েছিল যুক্তরাষ্ট্রের ঔষধ নিয়ন্ত্রক সংস্থা এফডিএ ।
খ্যাতনামা দুই মেডিকেল জার্নাল ল্যানচেট ও নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনের প্রকাশিত একটি প্রতিবেদনের উপর ভিত্তি করে এই সতর্কবার্তাগুলো এসেছিল। তবে ওই প্রতিবেদন যে সংস্থার ডেটার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল, সেই সার্জিস্পেয়ারকে নিয়ে দেখা দিয়েছে বিতর্ক।

