করোনা মোকাবেলায় হাইড্রোক্সিক্লোরোকুইনের কার্যকারিতা নিয়ে সংশয় ছিল বেশ আগে থেকেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ওষুধের সপক্ষে কথা বললেও, স্বাস্থ্যকর্মীরা বারবার বলেছেন, হিতে বিপরীত হচ্ছে।
এবার সবদিক বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাদের সিদ্ধান্ত অনুযায়ী, অনির্দিষ্টকালের জন্য এই ম্যালেরিয়া ড্রাগের ট্রায়াল বন্ধ রাখা হচ্ছে।
সোমবার এক অনলাইন বৈঠকে সংস্থাটির সচিব টেড্রস আধানম এ বিষয় নিশ্চিত করেন। তিনি বলেন, সংস্থার একজিকিউটিভ গ্রুপ সিদ্ধান্ত নিয়েছে, সুরক্ষার কথা মাথায় রেখেই আপাতত স্থগিত রাখা হচ্ছে হাইড্রোক্সিক্লোরোকুইনের ট্রায়াল।
তিনি আরও জানান, কভিড-১৯ রোগীদের ক্ষেত্রে হাইড্রোক্সিক্লোরোকুইনের প্রয়োগ কতটা নিরাপদ, তার পর্যালোচনা চলছে, তার আগ পর্যন্ত বিশ্ব সংস্থার নির্বাহীরা এই ওষুধটির পরীক্ষামূলক ব্যবহার স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে কভিড-১৯ চিকিৎসায় বিশ্বে অনুমোদিত অন্য যেসব ওষুধের পরীক্ষামূলক প্রয়োগ চলছে, তা চলবে।
এপ্রিলের শুরুতে মার্কিন প্রেসিডেন্টের পরামর্শ ক্রমে বহু দেশকে এই ওষুধ সরবরাহ করেছিল ভারত। তবে এর আগে ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থাও ক্লোরোকুইন ও হাইড্রক্সিক্লোরোকুইনের পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়ে সতর্ক করে বিবৃতি দেয়।
কিন্তু তা না মেনেই বিভিন্ন ক্ষেত্রে করোনার বিপক্ষে এই ওষুধ ব্যবহার করা হয়। এতে তেমন একটা সাফল্য না পাওয়া গেলেও, নেতিবাচক খবর পাওয়া গেছে। এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার হস্তক্ষেপে একেবারেই বন্ধ করে দেওয়া হলো ওষুধটির ব্যবহার।

