কৃষিপণ্যের দামে নিম্নমুখিতা অব্যাহত রয়েছে। সর্বশেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) ভুট্টা, গম ও সয়াবিনের গড় দাম আগের সপ্তাহের তুলনায় কমেছে।
যুক্তরাষ্ট্র-চীনের মধ্যকার বাণিজ্যযুদ্ধ, নাফটা চুক্তির ভবিষ্যত্ নিয়ে উদ্বেগ, ওয়াশিংটনের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পাল্টা আইনি পদক্ষেপসহ বর্তমানে বিশ্ববাণিজ্যে নানা অনিশ্চয়তা বিরাজ করছে। সেসঙ্গে যুক্ত হয়েছে বৈরী আবহাওয়ার কারণে কৃষিপণ্যের সরবরাহ সংকটের আশঙ্কা। মূলত এসব কারণেই সিবিওটিতে কৃষিপণ্যের সাপ্তাহিক গড় দামে নিম্নমুখিতা দেখা গেছে।
সিবিওটির প্রাইস ইনডেক্স অনুযায়ী, ৩ জুন শেষ হওয়া সপ্তাহে ভুট্টার গড় দাম আগের সপ্তাহের তুলনায় ৩ দশমিক ৫৭ শতাংশ কমেছে। এ সময় জুলাইয়ে সরবরাহের চুক্তিতে প্রতি বুশেল (৬০ পাউন্ড) ভুট্টা বিক্রি হয় ৩ ডলার ৯১ সেন্টে, যা আগের সপ্তাহের তুলনায় ১৪ দশমিক ৫ সেন্ট কম।
একইভাবে সর্বশেষ সপ্তাহে সিবিওটিতে গমের গড় দামও আগের সপ্তাহের তুলনায় ৩ দশমিক ৬৪ শতাংশ কমেছে। এ সময় জুলাইয়ে সরবরাহের চুক্তিতে প্রতি বুশেল গমের গড় দাম দাঁড়িয়েছে ৫ ডলার ২৩ সেন্টে, যা আগের সপ্তাহের তুলনায় ১৯ দশমিক ৭৫ সেন্ট কম।
অন্যদিকে সর্বশেষ সপ্তাহে সয়াবিনের গড় দাম দাঁড়িয়েছে ১০ ডলার ২১ সেন্টে। আগের সপ্তাহের তুলনায় এ সময় পণ্যটির গড় দাম কমেছে ১ দশমিক ৯৪ শতাংশ।
