গত বছরের মতই চলতি বছরেও তিনটি আইফোন উন্মোচনের পরিকল্পনা নিয়েছে অ্যাপল। এর মধ্যে মার্কিন এই টেক জায়ান্টের সবচেয়ে বড় আইফোনও থাকছে।
ব্লমবার্গের তথ্যমতে, চলতি বছর অ্যাপল যে তিনটি আইফোন আনতে যাচ্ছে, তার মধ্যে আইফোনের দশক পূর্তির সংস্করণ আইফোন টেনের উন্নত সংস্করণ থাকছে। এছাড়া কম দামের আইফোন আনবে প্রতিষ্ঠানটি।
প্রতিবেদনে বলা হয়, আইফোন সরবরাহকারী প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে অ্যাপল এরই মধ্যে এসবের উৎপাদন পরীক্ষা চালিয়েছে। অবশ্য এখনো বিষয়টি ঘিরে তাত্ক্ষণিকভাবে অ্যাপলের বক্তব্য পাওয়া যায়নি।
গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) জন্য আইফোন টেনের উৎপাদন লক্ষ্যমাত্রা কমিয়ে অর্ধেক নির্ধারণ করেছে অ্যাপল। ডিভাইসটির বিক্রি প্রত্যাশার চেয়ে কম হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, অ্যাপল ৬ দশমিক ৫ ইঞ্চি ডিসপ্লের একটি ফ্যাবলেট আনতে যাচ্ছে, যা আইফোন ৮ প্লাস আকৃতির। তবে নতুন ডিভাইসটির স্ক্রিন আইফোন ৮ প্লাসের চেয়ে এক ইঞ্চি বড় হবে। ফ্যাবলেটটির কোড হচ্ছে ডি৩৩। এছাড়া আইফোন টেনের নতুন সংস্করণ আনার পরিকল্পনা নিয়েছে অ্যাপল, যার কোড হচ্ছে ডি৩২।
