চার বছর ধরে ওয়ানডে না খেলেও বিশ্বকাপ অধিনায়ক!



দিমুথ করুনারত্নে শেষ ওয়ানডে খেলেছিলেন ২০১৫ সালে। দীর্ঘ চারবছর শ্রীলঙ্কার রঙিন পোশাক গায়ে চাপানো হয়নি। তবে সাদা পোশাকে নিজেকে পাকাপক্ত করেছেন বেশ। যেখানে টেস্ট খেলেছেন ৬০টি, সেখানে ওয়ানডে মাত্র ১৭টি।

এই করুনারত্নেকে নিয়েই বিস্ময়ের উপহার দিয়েছে শ্রীলঙ্কা। রঙিন পোশাকে চার বছর যে মাঠে নামতে পারেননি, সেই করুনারত্নেই যে ইংল্যান্ড বিশ্বকাপে শ্রীলঙ্কা দলকে নেতৃত্ব দেবেন।

বিস্ময়ের যে এখানেই শেষ নয়। ২০১৭ সালের পর শ্রীলঙ্কা জাতীয় দলের হয়ে কোনো ওয়ানডে না খেলা ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে, স্পিন বোলিং অলরাউন্ডার মিলিন্দা সিরিবর্দনা এবং জীবন মেন্ডিস ও লেসস্পিনার জেফরি ভ্যানডারসে যাবেন বিশ্বকাপে।

অথচ গত বছরের অক্টোবরে শ্রীলঙ্কার নেতৃত্ব দেওয়া ও দেশটির তারকা ব্যাটসম্যান দীনেশ চান্দিমালকে বিশ্বকাপ দলে রাখা হয়নি।

এছাড়া উইকেটরক্ষক-ব্যাটসম্যান নিরোশান দিকভেলা, অফস্পিনার আকিলা ধনাঞ্জয়া, ওপেনার দানুশকা গুনাথিলাকা ও উপল থারাঙ্গার মতো পরীক্ষিত খেলোয়াড়রা উপেক্ষিত।

সব মিলিয়ে আসন্ন বিশ্বকাপের জন্য ঘোষিত দলটি যে বিস্ময়ের উপহার দিয়েছে, তা নিয়ে সরগরম ক্রিকেট দুনিয়া।

সম্প্রতি শ্রীলঙ্কার পারফরম্যান্স নিয়ে আশাবাদী নন কেউ। বিশ্বকাপের মত বড় মঞ্চে তারকা ক্রিকেটারদের বাদ দিয়ে দল গড়ায় শ্রীলঙ্কার ক্রিকেটের সমালোচনা চলছে সর্বত্র।

শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াড:

দিমুথ করুণারত্নে (অধিনায়ক), লাসিথ মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, থিসারা পেরেরা, কুশল পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা,কুশল মেন্ডিস, ইসুরু উদানা, মিলিন্দা সিরিবর্দনা, অভিষেক ফার্নান্দো, জীবন মেন্ডিস, লাহিরু থিরিমান্নে, জেফরি ভ্যান্ডারসে, নুয়ান প্রদীপ, সুরঙ্গা লাকমল।