মার্কিন সাইবার নিরাপত্তা কর্মকর্তাদের কাছে ইন্টেল চিপের ত্রুটি লুকিয়ে ছিল। মার্কিন আইনপ্রণেতাদের কাছে পাঠানো এক চিঠিতে ইন্টেল এমনটাই জানিয়েছে।
গুগলের একদল গবেষক বেশ কয়েকটি কোম্পানির চিপে দুটি নিরাপত্তা ত্রুটি শনাক্তের কথা বলেছেন। প্রথমটি মেল্টডাউন, যা ইন্টেল চিপ সম্পর্কিত। দ্বিতীয়টি স্পেকট্রা, যা ইন্টেল, এএমডি এবং এআরএম সম্পর্কিত।
চিপে ত্রুটির বিষয়টি ইন্টেল লুকানোয় গভীর উদ্বেগ জানিয়েছেন মার্কিন সরকারের কর্মকর্তারা। এতে দেশটির জাতীয় নিরাপত্তা হুমকিতে পড়তে পারে বলে তারা আশঙ্কা করছেন।
ইন্টেল চিঠিতে জানায়, চিপের ত্রুটির বিষয়টি মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে শেয়ার করতে হবে, তারা এমনটি মনে করেননি। কারণ হ্যাকাররা এ ত্রুটির সুযোগ নিতে পারেনি। যুুক্তরাষ্ট্রের সরকারি-বেসরকারি খাতের সাইবার নিরাপত্তা দেখভাল করে ইউনাইটেড স্টেটস কম্পিউটার ইমার্জেন্সি রেডিনেস টিম (ইউএস-সিইআরটি) নামের একটি প্রতিষ্ঠান।
গত ৩ জানুয়ারি চিপে ত্রুটির বিষয়টি প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত ইন্টেল ইউএস-সিইআরটিকে এ ব্যাপারে কিছু জানায়নি।
