পারমাণবিক অস্ত্র অর্জনের পথ থেকে সরে আসার লক্ষ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ ছয় বিশ্বশক্তির সম্পাদিত চুক্তি বাতিলের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ ঘোষণায় ঝড় উঠেছে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে।
ইরান থেকে সরবরাহ কমার আশঙ্কা ও দেশটির বিরুদ্ধে নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম চলতি বছর তো বটেই, সাড়ে তিন বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে।
গতকাল যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম বেড়েছে ব্যারেলপ্রতি ২ ডলার ৪ সেন্ট। দিন শেষে ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি ব্যারেল ডব্লিউটিআই বিক্রি হয় ৭১ ডলার ১০ সেন্টে, যা আগের দিনের তুলনায় ২ দশমিক ৯৫ শতাংশ বেশি। অন্যদিকে এদিন ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ব্যারেলপ্রতি ২ ডলার ২৬ সেন্ট। দিন শেষে ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হয় ৭৭ ডলার ১১ সেন্টে, যা আগের দিনের তুলনায় ৩ দশমিক শূন্য ২ শতাংশ বেশি। ভূ-রাজনৈতিক উত্তেজনার জের ধরে গত সোমবার যুক্তরাষ্ট্রের বাজারে ডব্লিউটিআই ও ব্রেন্ট ক্রুডের দাম ২০১৪ সালের নভেম্বরের রেকর্ড ছাড়িয়ে গিয়েছিল। পরের দিন কিছুটা কমলেও ট্রাম্পের চুক্তি বাতিলের ঘোষণায় সর্বশেষ কার্যদিবসে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের উলম্ফন দেখা যায়।
২০১৫ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ইরানের সঙ্গে সই হওয়া পারমাণবিক চুক্তিকে ‘মার্কিন স্বার্থ পরিপন্থী’ বলে বাতিলের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তিনি নতুন করে চুক্তি সই, নতুবা ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের পক্ষে মত দিয়েছেন। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির বিপরীতে গিয়ে ট্রাম্পের এ চুক্তি বিরোধী অবস্থানের কারণে ইরান থেকে জ্বালানি তেল সরবরাহ কমে যেতে পারে।
