সাম্প্রতিককালে বাংলাদেশ দলের বাজে পারফরম্যান্সের পেছনের কারণ খোজা হচ্ছে। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান আজ হাটে হাঁড়ি ভেঙে দিলেন!
বিসিবি সভাপতি সংবাদমাধ্যমকে জানিয়েছেন দলের বেশ কজন অভিজ্ঞ ক্রিকেটার নাকি টেস্ট খেলতে চান না।
বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের নাম উল্লেখ করে বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের দেশেও বেশ কিছু সিনিয়র ক্রিকেটার আছে, তারাও টেস্ট খেলতে চাচ্ছে না। চাচ্ছে না বলতে, যেমন সাকিব টেস্ট খেলতে চায় না। মোস্তাফিজও টেস্ট খেলতে চায় না। বলে না যে খেলব না, কিন্তু চায় এড়িয়ে যেতে। অনেকে টেস্ট খেলতে চায় না, টেস্ট অনেক কঠিন।’
এঁর আগে ওয়েস্ট ইন্ডিজ সফর চলাকালীন রুবেল হোসেনের টেস্ট খেলতে অনাগ্রহের কথা সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল।
এ বিষয়ে বিসিবি সভাপতি বলেন, রুবেলের কাছে নাকি টেস্ট ক্রিকেট এখন ভীষণ কঠিন, ‘রুবেল অনেক অভিজ্ঞ। অনেক দিন সার্ভিস দিয়ে আসছে। হতে পারে ওর জন্য টেস্ট কঠিন হয়ে যাচ্ছে। তরুণদের থেকে নতুন প্লেয়ার নিয়ে আসতে হবে। এ ছাড়া উপায় নেই।’
টেস্ট ভালো করতে নতুন দল তৈরি করা ছাড়া আপাতত উপায় দেখছেন না বোর্ড সভাপতি।
তিনি বলেন, ‘এখানে মানসিকতা না, টেস্টের জন্য আমাদের নতুন দল করতে হবে। চার বছর আগে থেকে বলে আসছি, টেস্টে একটি আলাদা সেটআপ দরকার। টি-টোয়েন্টিতেও। হয়তো দু-তিনজন কমন মুখ থাকবে। সবারই টেস্টের জন্য কিছু বিশেষজ্ঞ খেলোয়াড় আছে। আমাদের কিন্তু সেভাবে নেই। আমরা খালি মুমিনুলকে রেখেছি টেস্টের জন্য। এটা একটি করলে তো হবে না। আমাদের এ রকম পাঁচ-ছয়জন তৈরি করতে হবে।’
ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে বাজে পারফরম্যান্সের পেছনে প্রতিকূল ও কন্ডিশন বড় একটা কারণ বলে মনে করছেন নাজমুল হাসান।
দেশের উইকেটগুলো বদলে দেওয়ার সেই পুরোনো প্রতিশ্রুতি আবার শোনা গেল তার কণ্ঠে।
“এইবার যাওয়ার আগেই ওরকম একটা পিচ বানানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু বানানোই যাচ্ছে না। দেখতে হবে, কি করলে ওরকম পিচ বানানো যায়। বাইরে থেকে মাটি আনা যায় কিনা, সেটি নিয়ে আলোচনা করছি। নতুন যে কিউরেটর এনেছি, তাদের সঙ্গে কথাবার্তা চলছে।”