বতসোয়ানার একটি দ্বীপে দুই মাসে সাড়ে তিনশর বেশি হাতির ‘রহস্যজনক’ মৃত্যু হয়েছে। এমন খবর জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
বতসোয়ানার সরকার বলেছে, তারা কানাডা, দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের তিনটি ল্যাবরেটরিকেও মৃত হাতিদের নমুনা পরীক্ষা করে দেখতে বলবে।
মৃত হাতিদের দাঁত অক্ষত থাকায় চোরাশিকারিরা সেগুলোকে হত্যা করেনি বলে প্রাথমিকভাবে মনে হলেও প্রাকৃতিক, বিষক্রিয়া না অন্য কোনো কারণে এই বিপুল সংখ্যক হাতির মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
আফ্রিকা মহাদেশে যত হাতি আছে, বতসোয়ানায় তার প্রায় এক তৃতীয়াংশের দেখা মেলে।
যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান ন্যাশনাল পার্ক রেসকিউর কর্মকর্তা নিয়াল ম্যাককান বিবিসিকে জানায় যে স্থানীয় পরিবেশ সংরক্ষণবাদীরা মে মাসের শুরুর দিকে ব-দ্বীপের ওপর দিয়ে বিমান ভ্রমণ করার সময় কিছু হাতির মরদেহ চোখে পড়লে বসতোয়ানার সরকারকে বিষয়টি জানায়।

