দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা


gold#paperslife

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সপ্তাহ ব্যবধানে দেশের বাজারে সবচেয়ে ভালো মানের স্বর্ণের ভরি ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ১ লাখ ১ হাজার ২৪৩ টাকা নির্ধারণ করেছে।

আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, নতুন এ দাম শুক্রবার থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ১ হাজার ২৪৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের ভরি ৯৬ হাজার ৬৩৬ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের ভরি ৮২ হাজার ৮১৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৬৯ হাজার ৫০ টাকা।

আরও পড়ুনঃ বিএনপির মদতেই পরিচালিত হচ্ছে জঙ্গিবাদী সংগঠনের নেটওয়ার্ক: ওবায়দুল কাদের

এর আগে চলতি মাসের ১৭ আগস্ট স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছিল বাজুস। যা ১৮ আগস্ট থেকে কার্যকর হয়। সে সময় ২২ ক্যারেটের স্বর্ণের দাম ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে ৯৯ হাজার ২৭ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের ভরি ৯৪ হাজার ৫৯৫ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের ভরি ৮১ হাজার ৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ৬৭ হাজার ৫৩৫ টাকা।

আর গত মাসের ২০ জুলাই স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। সে সময় প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৭৭৭ টাকা।