বিশ্ব নারী দিবস উপলক্ষে গুগল ডুডলে শোভা পাচ্ছে সমাজের বিভিন্ন শ্রেণি পেশার নারীর ছবি। আর সেখানে ব্যবহার করা হয়েছে ভিডিও। ক্লিক করলেই সরাসরি চলে যাবে ইউটিউবে। এর পর সেখানে দেখানো হচ্ছে নারীদের সম্মানে নির্মিত অ্যানিমেশন।
বিশ্ব নারী দিবস উপলক্ষে শনিবার দিবাগত রাত ১২টার পর এ ডুডল প্রকাশ করে গুগল।
নারী দিবস ঘিরে প্রকাশিত ৫৫ সেকেন্ডের ডুডল ভিডিওটিতে কয়েক স্তরের থ্রি-ডি কাগজে ম্যান্ডালা ডিজাইনে নারী বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরেছে গুগল। প্রথম ধাপে সাদা কালো ছবিতে বিভিন্ন দেশ ও সংস্কৃতির নারীদের তুলে ধরা হয়েছে।
এই ডুডলে শেয়ার অপশনও রাখা হয়েছে। এর মাধ্যমে ডুডলটি ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যাবে। এর পরেই আছে ‘মেইল’ অপশন। এতে করে জিমেইলসহ বিভিন্ন মেইলিং প্ল্যাটফর্মেও শেয়ার করা যাবে এটি।

