করোনা ভাইরাসের কারণে থমকে আছে বিশ্ব। এ অবস্থায় বিপর্যস্থ সময় পার করছে বিশ্ব অর্থনীতি। প্রতিটি দেশের অর্থনীতির সূচকই এখন নিম্নগামী।
এ সংকটময় এ পরিস্থিতির মধ্যেই ব্যক্তিগত কারণ দেখিয়ে মেয়াদ শেষের আগেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) প্রধান রবার্তো আজেভেদো।
শুক্রবার এক বিবৃতিতে আজেভেদো আগামী ৩১ আগস্ট পদত্যাগ করবেন বলে জানান। সারা বিশ্ব যখন এক কঠিন সময় পার করছে, তখন হঠাৎই কেন এভাবে পদত্যাগ তার ব্যাখ্যা তিনি দেন নি।
তিনি জানিয়েছেন, পরিবারের সঙ্গে আলোচনা করেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্ত ডব্লিউটিওর জন্য মঙ্গলজনক ফল বয়ে আনবে বলেও তিনি মনে করেন।
যদিও অনেকেই বলছেন, আজেভেদোর হঠাৎ পদত্যাগের সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। ফলে বিষয়টি নিয়ে কড়া সমালোচনার মধ্যে পড়েছেন তিনি। আজেভেদো ২০১৩ সাল থেকে ডব্লিউটিওর প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

