পাকিস্তানের লক্ষ্য সেমিফাইনাল



কেমন করবে পাকিস্তান? প্রশ্নটার উত্তর দিতে হলে আপনাকে বেগ পেতে হবে। পাকিস্তান এমন এক দল, যাদের নিয়ে প্রেডিকশন করার দুঃসাহস দেখাতে চান না কেউ। কখন কি করবে, তা অনুমান করা শক্ত।

যত যাই হোক, বিশ্বকাপের জন্য প্রস্তুত পাকিস্তান। ২০১৯ ইংল্যান্ড ওয়ানডে বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১৫ ও ১৬ এপ্রিল ফিটনেস পরীক্ষা নেওয়ার পরই ১৫ সদস্যের চূড়ান্ত দল ঠিক করবে পিসিবি।

তার আগে অধিনায়ক সরফরাজ আহমেদ বলেছেন, বিশ্বকাপে অন্তত সেমিফাইনাল খেলতে চায় ১৯৯২ এর চ্যাম্পিয়নরা।

তবে ফাইনাল খেলা সহজ হবে না বলে মনে করেন সরফরাজ। স্থানীয় এক টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘কোনো পরিস্থিতিতেই বিশ্বকাপ ফাইনাল খেলা সহজ নয়। আমি মনে করি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত এবং পাকিস্তান বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে। এরপর আমরা এমন কিছু করার চেষ্টা করব যা দেশের মানুষ আজীবন মনে রাখবে।’

বিশ্বকাপ প্রস্তুতিতে আগেভাগেই ব্রিটেনে যাচ্ছে পাকিস্তান। তাতে সুবিধা হবে বলেই মনে করেন পাক অধিনায়ক।

সরফরাজ বলেন, ‘আমরা ইংল্যান্ডে বাড়তি সুবিধা পাব। বিশ্বকাপের জন্য আমরা প্রায় এক মাস আগে ইংল্যান্ডে যাচ্ছি। এছাড়াও গত তিন বছরে আমরা সে দেশে টানা সফর করেছি। আমাদের খেলোয়াড়রা সহজেই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারবে। যেটা আমাদের বাড়তি সুবিধা দেবে।’

পাকিস্তান-ভারত নিয়ে বেশ সরগরম দুনিয়া। সেই উত্তাপ ছড়িয়েছে খেলার মাঠে। বিশ্বকাপে পাকিস্তানকে বয়কট করার কথা বলেছে অনেকেই। তাই ১৬ই জুন অনুষ্ঠিত হওয়া ভারত-পাকিস্তান ম্যাচকে বেশ গুরুত্বের সাথে দেখছে পাক অধিনায়ক।

সরফরাজ বলেন, ‘সমর্থকরা বিশ্বকাপে যে কোনো পরাজয়ে ক্ষমা করে দেবে। কিন্তু ভারতের বিপক্ষে জিততে হবে। সীমানার ওপারে ভারতের চিত্রটাও একই। অধিনায়ক হিসেবে আমিও সে ম্যাচটা জিততে চাই। তবে একই সঙ্গে টুর্নামেন্টের সব দলের বিপক্ষেই সমান মনোযোগী থাকব আমরা। অবশ্যই ভারতকে হারানোর জন্য খেলব। অন্যদেরও ছাড় দেয়া হবে না।’