পুরোহিতসহ মন্দিরে অবস্থানরত ৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় রাজধানীর স্বামীবাগে ইসকন মন্দির লকডাউন করা হয়েছে।
শুক্রবার রাতে মন্দিরের পুরোহিত, সেবায়েতসহ ৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর শনিবার সকাল থেকে মন্দিরটি লকডাউন করা হয়।
ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার শাহ্ ইফতেখারুল ইসলাম বলেন, মন্দিরে এই ৩৬ জনই অবস্থান করছিলেন। এর মধ্যে কয়েকজনের সর্দি কাশি হলে সবার পরীক্ষা করায় মন্দির কর্তৃপক্ষ। প্রথম পরীক্ষায় সবারই করোনা পজিটিভ এসেছে। আগামী সোমবার দ্বিতীয় পরীক্ষা করানো হবে।
একজন সহকারী উপপরিদর্শক মন্দিরের নিরাপত্তার তত্ত্বাবধানে ছিলেন। নমুনা পরীক্ষা তারও করোনা পজেটিভ এসেছে বলে জানিয়েছেন পুলিশের উপকমিশনার শাহ্ ইফতেখারুল।
