প্রাথমিকে হচ্ছে না প্রথম সাময়িক পরীক্ষা


মার্চের মাঝামাঝিতে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে চলমান পরিস্থিতিতে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা হচ্ছে না।

আজ বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) মহাপরিচালক মো. ফসিউল্লাহ একথা জানান।

তিনি বলেন, ‘চলমান  করোনা পরিস্থিতি ক্রমান্বয়ে ভয়াবহ হয়ে উঠছে। অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো প্রাথমিক বিদ্যালয়গুলোও ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক না হলে এ বন্ধ আরো বাড়তেও পারে। আর যদি ১৫ এপ্রিল বিদ্যালয় খোলেও ওই দিনেই পরীক্ষা শুরু করা সম্ভব নয়। কারণ পরীক্ষার যে সিলেবাস, সেটি এখনও শেষ হয়নি। এছাড়া পরীক্ষার জন্য শিক্ষক-শিক্ষার্থীদের কেউই প্রস্তুত নয়। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সিলেবাসের আকার ছোট করে এনে পরবর্তী সময়ে এ পরীক্ষা নেয়া হবে।’

উল্লেখ্য, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী প্রথম সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ১৫ থেকে ৩০ এপ্রিলের মধ্যে।